ঢাকা, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মঙ্গলবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে ৩ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল। তবে হেরে গেলেও ৭ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে আছে স্বাগতিকরা।
শনিবার সিলেট বিভাগীয় স্টেডিয়ামে চতুর্থ ওয়ানডেতে আবার মুখোমুখি হবে দুদল।
টস হেরে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ২৫২ রান করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯। জবাবে বেন ফোয়াকেসের শতকের সুবাদে ৪৯ ওভারে ৭ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় অতিথিরা।
ব্যাট করতে নেমে ২৩ রানে প্রথম উইকেট হারায় স্বাগতিকরা। তবে দ্বিতীয় উইকেটে সৌম্য সরকার (৪০) ও সালমান হোসেনের (৩৪) ৫০ রানের জুটির সুবাদে শুরুর ধাক্কা সামলে ওঠে তারা।
এরপর চতুর্থ উইকেটে অধিনায়ক আসিফ আহমেদ (৬৭) ও মোসাদ্দেক হোসেনের (৪০) ৯০ রানের জুটি শক্ত অবস্থানে পৌঁছে দেয় বাংলাদেশের যুবকদের। তবে ৩ উইকেটে ১৮৫ রান তুলে ফেললেও পরের দিকের ব্যাটসম্যানদের ব্যর্থতায় আড়াই শর ঠিক ওপরে থেমে যায় তাদের ইনিংস।
ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের পক্ষে অ্যাডাম বেল ৪ উইকেট নেন ৪৪ রানে।
লক্ষ্য তাড়া করতে নেমে ফোয়াকেসের ১১১ রানের সুবাদে সহজ জয় পায় অতিথিরা। ফোয়াকেসের ১১৮ বলের ইনিংসটি সাজানো ১৪টি চার ও একটি ছক্কায়। এছাড়া ড্যানিয়েল বেল ৩০ রান করেন।
স্বাগতিকদের পক্ষে আসিফ ২ উইকেট নেন ২৫ রানে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৮১৫ঘ.
bdnews24