ঢাকা, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শনিবার ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ষষ্ঠ পর্বে গুরুত্বপূর্ণ জয় পেয়েছে শিরোপা প্রত্যাশী ভিক্টোরিয়া। এবারের লিগের অন্যতম শক্তিশালী দল শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে ২১ রানে হারিয়েছে তারা। দিনের অন্য দুই ম্যাচে প্রাইম দলেশ্বর ৭২ রানে সূর্যতরুণকে এবং ওল্ড ডিওইচএস ৮ উইকেটে ব্রাদার্স ইউনিয়নকে হারিয়েছে ।
ভিক্টোরিয়া-শেখ জামাল
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ভিক্টোরিয়াকে ব্যাট করার আমন্ত্রণ জানায় শেখ জামাল। ব্যাট করতে নেমে ৮ উইকেটে ২০৩ রান করে ভিক্টোরিয়া। জবাবে ৪৬ ওভার ৪ বলে ১৮২ রানে অলআউট হয়ে যায় শেখ জামাল।
লক্ষ্য তাড়া করতে নেমে ৭৬ রানে ৪ উইকেট হারিয়ে ফেলে শেখ জামাল। পঞ্চম উইকেটে মেহরাব হোসেন জুনিয়রের (১৬) সঙ্গে মুশফিকুর রহিমের ৪৪ রানের জুটি তাদের জয়ের স্বপ্ন দেখাচ্ছিলো। কিন্তু মুশফিক (৫২) ছাড়া আর কোনো ব্যাটসম্যান দায়িত্ব নিয়ে খেলতে না পারায় হার মানতে হয় শেখ জামালকে।
৩৪ রানে ৪ উইকেট নিয়ে আল-আমিন ভিক্টোরিয়ার সেরা বোলার।
এর আগে ১২ রানে প্রথম উইকেট হারালেও তামিম ইকবাল (২৭) ও জহুরুল ইসলামের (২৪) ৫০ রানের দ্বিতীয় উইকেট জুটির সৌজন্যে শুরুর ধাক্কা সামলে ওঠে ভিক্টোরিয়া।
এরপর ষষ্ঠ উইকেটে সাব্বির আহমেদের (২৯) সঙ্গে ৪৭ ও সপ্তম উইকেটে মুক্তার আলীর (২৫) সঙ্গে ৫২ রানের দুটো ভালো জুটি গড়ে দলকে দু শ পেরোতে সাহায্য করেন পাকিস্তানের বাঁহাতি ব্যাটসম্যান কামরান সাজিদ (৫৮)।
৫৫ রানে ৪ উইকেট নিয়ে ভারতের ডানহাতি পেসার ধ্র“ব সিং শেখ জামালের সেরা বোলার।
এটি ভিক্টোরিয়ার পঞ্চম জয় আর শেখ জামালের তৃতীয় হার।
প্রাইম দলেশ্বর-সূর্যতরুণ
ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ২৫৫ রান করে প্রাইম দলেশ্বর। জবাবে ৪৯ ওভার ১ বলে ১৮৩ রানে অলআউট হয়ে যায় সূর্যতরুণ।
লক্ষ্য তাড়া করতে নেমে উদ্বোধনী ব্যাটসম্যান জুপিটার ঘোষ ৫১ রান করলেও মাত্র ৭৪ রানে ৫ উইকেট হারিয়ে সূর্যতরুণ ভীষণ বিপদে পড়ে যায়। এরপর তৈয়বুর পারভেজ (৬২) শফিউল ইসলামের (২০) সঙ্গে ৩৬ ও গোলাম কিবরিয়ার (অপরাজিত ১৭) সঙ্গে ৩৩ রানের জুটি গড়লেও লক্ষ্যের ধারে-কাছেও যেতে পারেনি সূর্যতরুণ।
প্রাইম দলেশ্বরের পক্ষে ৩টি করে উইকেট নেন পাকিস্তানের পেসার কায়সার আব্বাস ও তাইজুল ইসলাম ।
এর আগে ব্যাট করতে নেমে ১১ রানে প্রথম উইকেট হারালেও দ্বিতীয় উইকেটে পাকিস্তানের সাবেক উইকেট রক্ষক-ব্যাটসম্যান কামরান আকমলের (৬৪) সঙ্গে সায়েম আলমের (৩৬) ৯১ রানের জুটি স্বস্তি ফিরিয়ে আনে প্রাইম দলেশ্বরের সাজঘরে।
এরপর ষষ্ঠ উইকেটে ভারতের মানভিন্দর সিংয়ের (৫২) সঙ্গে কায়সার আব্বাসের (৩৬) ৪৭ রানের জুটির সুবাদে আড়াই শ পেরোয় তারা।
৪৬ রানে ৩ উইকেট নিয়ে ইমরান উল্লাহ সূর্যতরুণের সফলতম বোলার।
এটি প্রাইম দলেশ্বরের তৃতীয় জয় আর সূর্যতরুণের টানা ষষ্ঠ হার।
ওল্ড ডিওইচএস-ব্রাদার্স ইউনিয়ন
বিকেএসপিতে টস জিতে ব্যাট করতে নেমে ৩৩ ওভার ২ বলে মাত্র ৮৮ রানে অলআউট হয়ে যায় ব্রাদার্স ইউনিয়ন। সর্বোচ্চ ২১ রান আসে পাকিস্তানের মনসুর আমজাদের ব্যাট থেকে।
২০ রানে ৪ উইকেট নিয়ে শুভাগত হোম চৌধুরী ওল্ড ডিওএইচএসের সেরা বোলার।
জবাবে ২১ ওভার ২ বলে ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ওল্ড ডিওইচএস। পাকিস্তানের সাঈদ আনোয়ার জুনিয়র (অপরাজিত ৩৭) ও অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের (২৫) সৌজন্যে জয় পেতে বিন্দুমাত্র সমস্যা হয়নি তাদের।
এটি ওল্ড ডিওইচএসের পঞ্চম জয় আর ব্রাদার্সের পঞ্চম হার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৭২৬ঘ.
bdnews24