ঢাকা, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ‘স্পট ফিক্সিং’ কেলেঙ্কারিসহ আরো অনেক বিতর্কিত বিষয় গত বছর পাকিস্তানের ক্রিকেটকে একের পর এক আঘাত হানে। ওই আঘাতই নাকি দলের ক্রিকেটারদের আরো শক্তিশালী করেছে এবং পাকিস্তানের ধারাবাহিক সাফল্যের কারণও ওটাই বলে মনে করেন দেশটির সাবেক কোচ ওয়াকার ইউনুস।
পাকিস্তানের পত্রিকা ‘দ্য ডেইলি টাইমস’ কে ওয়াকার বলেন, “পাকিস্তান দল যেভাবে সমালোচনার জবাব দিয়েছে তাতে আমি তাদের নিয়ে সত্যিই গর্বিত। আমার বিশ্বাস ‘স্পট ফিক্সিং’ ও অন্যান্য বিতর্কের পর খেলোয়াড়রা পাকিস্তান ক্রিকেট আসলে কি সেটা সারাবিশ্বকে দেখিয়ে দিতে সংকল্পবদ্ধ ছিলো। হয়তো তারা বুঝতে পেরেছিলো ওই সব সমালোচনার জবাব দেয়ার একমাত্র উপায় হচ্ছে ভালো খেলা। এখন ফলাফল তাদের পক্ষে কথা বলছে। এমনটা নয় যে তারা কয়েক মাস ধরে ভালো খেলছে, তারা গত ১৮ মাস ধরে ধারাবাহিকভাবে ভালো খেলছে।”
গত বছর সেপ্টেম্বরে জিম্বাবুয়ে সফরের পর পাকিস্তানের প্রধান কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ান ওয়াকার ইউনুস।
পাকিস্তানের সাবেক এই ফাস্ট বোলার আরো বলেন, “গত কয়েক বছর ধরে আমরা প্রতিকূল পরিস্থিতির মোকাবেলা করে আসছি। কোনো দল পাকিস্তান সফরে আসছে না। তার পর ‘স্পট ফিক্সিং’ কেলেঙ্কারি। এরপরও দল ভালো খেলছে যেটা আমাদের জন্য অনেক বড় পাওনা।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/২১১০ ঘ.
bdnews24