ঢাকা, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অফ-স্পিনার সাঈদ আজমলের বোলিং অ্যাকশন নিয়ে যারা সন্দেহ প্রকাশ করছেন তাদের সমালোচনা করে পাকিস্তানের অধিনায়ক মিহবাহ-উল-হক বলেন, তাদের এগুলো বন্ধ করা উচিত।
একই সঙ্গে আজমলকে খুবই ভালো একজন বোলার বর্ণনা করে মিসবাহ আরো বলেন, তার বোলিংয়ে অনেক বৈচিত্র আছে।
তিন বছর আগেও অস্ট্রেলিয়ায় আজমলের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়। পরে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল তার বোলিং অ্যাকশন বৈধ ঘোষণা করে। ইংল্যান্ডের বিপক্ষে দুবাই টেস্টে আবারো আজমলের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়। ওই টেস্টে ৫৫ রানে ৭ উইকেট নিয়ে ইংল্যান্ডের প্রথম ইনিংস একাই ধ্বসিয়ে দেন আজমল। দ্বিতীয় ইনিংসে ৪২ রানে নেন ৩ উইকেট। এক ম্যাচে দ্বিতীয় বার ১০ উইকেট দখল করলেন আজমল।
পাকিস্তানের ‘দ্য নেশন’ কে মিসবাহ বলেন, “আন্তর্জাতিক পর্যায়ে প্রায় চার বছর ধরে খেলছেন আজমল। স¤প্রতি আমরা বুঝতে পেরেছি তিনি একজন ভালো বোলার এবং তার বোলিংয়ে অনেক বৈচিত্র আছে। তিনি ইংল্যান্ডে খেলেছেন, কাউন্টি ক্রিকেটেও খেলেছেন। তখন তো কেউ কিছু বলেনি।”
ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজে আজমল তার আবিষ্কৃত নতুন একটি বোলিং ধরণ (তিসরা) নিয়ে পরীক্ষা করবেন বলে আগেই জানিয়েছেন। প্রথম টেস্টে তিনি কয়েকটি ডেলিভারিও করেছেন। যদিও আজমল জানিয়েছেন ওই ধরণের বোলিংয়ে বিশেষজ্ঞ হয়ে উঠতে তার আরো সময়ের প্রয়োজন।
গত বছর গায়ানায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১১১ রান দিয়ে ১১টি উইকেট নেন আজমল। যা তার ক্যারিয়ার সেরা। তার পরও ইংল্যান্ডের বিপক্ষে পাওয়া ১০ উইকেটকেই এগিয়ে রেখে আজমল বলেন, “ম্যাচে ১০ উইকেট নেয়া সহজ কাজ নয়। তার উপর বিশ্বের সেরা দলের বিপক্ষে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৭৫৬ ঘ.
bdnews24