২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আজমলের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ

পাকিস্তানের অফস্পিনার সাঈদ আজমলের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন ইংল্যান্ডের সাবেক ফাস্ট বোলার ও অধিনায়ক বব উইলিস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2012, 02:15 PM

Updated : 24 Aug 2022, 10:36 AM

ঢাকা, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাকিস্তানের অফস্পিনার সাঈদ আজমলের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন ইংল্যান্ডের সাবেক ফাস্ট বোলার ও অধিনায়ক বব উইলিস। মঙ্গলবার দুবাই টেস্টের প্রথম দিনে আজমলের মারাত্মক বোলিংয়ে ১৯২ রানে শেষ হয়ে যায় ইংল্যান্ডের প্রথম ইনিংস। ৫৫ রানে ৭ উইকেট নেয়া আজমলের ঘূর্ণিতেই টেস্ট র‌্যাংকিংয়ের এক নম্বর দলের এমন দুরবস্থা। টেস্টে এটাই তার সেরা বোলিং। উইলিস অবশ্য আজমলের বোলিং অ্যাকশন, বিশেষ করে তার ‘দুসরা’ নিয়ে ভীষণ সন্দিহান। ‘স্কাই স্পোর্টস’কে তিনি বলেন, “আজমল প্রথাগত অফস্পিনার। তবে তার ‘দুসরা’য় (ডানহাতি ব্যাটসম্যানের জন্য অফস্পিনারের লেগব্রেক) কিছুটা সমস্যা আছে বলে আমার মনে হচ্ছে।” তবে আজমল নিজের বোলিং অ্যাকশন নিয়ে একদমই চিন্তিত নন । যদিও ২০০৯ সালে একবার তার অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠেছিলো। আজমল বলেন, “আমার মনযোগ শুধু বোলিংয়ের দিকে নিবদ্ধ। (অ্যাকশনের সমস্যা) সম্পর্কে আমি কিছুই জানি না। আমার অ্যাকশন পরীক্ষা করা আম্পায়ার ও ম্যাচ রেফারির দায়িত্ব। আমি নিজের সেরাটা ঢেলে দিয়ে বল করেছি এবং তাতেই খুশি।” ‘দুসরা’র আবিষ্কারক হিসেবে বিবেচিত সাকলায়েন মুশতাকের বোলিং অ্যাকশন নিয়েও প্রশ্ন উঠেছিলো এক সময়। সেই প্রসঙ্গ টেনে আজমল বলেন, “সাকলায়েন মুশতাককে অনেক সমস্যায় পড়তে হয়েছিলো। এখন আমাকেও পড়তে হচ্ছে। ২০০৯ সালে অস্ট্রেলিয়াও আমার অ্যাকশন নিয়ে প্রশ্ন তুলেছিলো। কিন্তু আমি আমার অ্যাকশনে কোনো সমস্যা দেখছি না।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২০০৭ঘ.