২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইমরুলের শতকে সিরিজ ‘এ’ দলের

ইমরুল কায়েসের অপরাজিত শতকের সুবাদে সোমবার চতুর্থ ওয়ানডেতে ইংল্যান্ড লায়ন্সকে ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশ ‘এ’ দল। সিলেট বিভাগীয় স্টেডিয়ামে এই জয়ের ফলে ৩-১ ব্যবধানে এগিয়ে যাওয়ায় পাঁচ ম্যাচের সিরিজ জয়ও নিশ্চিত হয়েছে স্বাগতিকদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2012, 01:20 PM

Updated : 24 Aug 2022, 10:35 AM

ঢাকা, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইমরুল কায়েসের অপরাজিত শতকের সুবাদে সোমবার চতুর্থ ওয়ানডেতে ইংল্যান্ড লায়ন্সকে ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশ ‘এ’ দল। সিলেট বিভাগীয় স্টেডিয়ামে এই জয়ের ফলে ৩-১ ব্যবধানে এগিয়ে যাওয়ায় পাঁচ ম্যাচের সিরিজ জয়ও নিশ্চিত হয়েছে স্বাগতিকদের। বুধবার একই মাঠে পঞ্চম ও শেষ ওয়ানডেতে আবার মুখোমুখি হবে দুদল। টস হেরে ব্যাট করতে নেমে ৪৯ ওভার ৪ বলে ২০৮ রানে অলআউট হয়ে যায় লায়ন্স। জবাবে ৪৫ ওভার ২ বলে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ‘এ’ দল। লক্ষ্য তাড়া করতে নামা স্বাগতিকদের জয়ের ভিত গড়ে দেয় নাসিরুদ্দিনের ফারুক (২১) ও ইমরুলের ৭২ রানের উদ্বোধনী জুটি। এরপর দ্বিতীয় উইকেটে জহুরুল ইসলামের সঙ্গে (১০) ৩৬ ও তৃতীয় উইকেটে নাঈম ইসলামের (৪০) সঙ্গে ৬৭ রানের আরো দুটো কার্যকর জুটি গড়েন ইমরুল। শেষ পর্যন্ত ১১০ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়েই মাঠ থেকে ফেরেন ইমরুল। তার ১৩১ বলের দারুণ ইনিংসটা সাজানো ৯টি চার ও তিনটি ছক্কায়। সোমবারের ইনিংসটা জাতীয় দলের হয়ে ভালো করতে ইমরুলকে উদ্বুদ্ধ করবেই। গত বছর আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাট হাতে একদমই ভালো কাটেনি তার। বিশ্বকাপের পর বাংলাদেশ পাঁচটি টেস্ট খেলেছে। এর মধ্যে তিনটিতে খেলে ১৬ গড়ে ৯৬ রান করেন ইমরুল। তার সর্বশেষ ছয়টি টেস্ট ইনিংস এরকম - ৪, ৩১, ১০, ১৩, ২৯ ও ৯। আর বিশ্বকাপের পর ১২টি ওয়ানডেতে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করা ইমরুলের ব্যাট থেকে এসেছে ১৯.৪১ গড়ে ২৩৩ রান। ওয়ানডেতে সর্বশেষ ১২টি ইনিংসের (৪, ৫, ৯৩, ১১, ৮, ১৬, ২৮, ৯, ৪২, ০, ১১ ও ৬) দিকে তাকালেই তার ব্যাটিংয়ের দৈন্যদশা বুঝতে পারবে যে কেউ। সকালে ব্যাট করতে নেমে ৬৭ রানে ৩ উইকেট হারানো লায়ন্স-শিবিরে স্বস্তি ফিরিয়ে আনে জো রুট (৮১) ও জনি বেয়ারস্টোর (১৮) মধ্যে গড়ে ওঠা ৮৪ রানের চতুর্থ উইকেট জুটি। তবে ১৫১/৩ স্কোরে দাঁড়িয়ে বড় সংগ্রহের স্বপ্ন দেখলেও ৫৭ রানে বাকি ৭ উইকেট হারিয়ে ফেলে অতিথিরা। ২৯ রানে ৩ উইকেট নিয়ে ফরহাদ রেজা ‘এ’ দলের সেরা বোলার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৯১২ঘ.