২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের প্রথম টেস্ট আম্পায়ার এনামুল হক

বাংলাদেশের প্রথম টেস্ট আম্পায়ার হতে যাচ্ছেন এনামুল হক মণি। জাতীয় দলের সাবেক ক্রিকেটার এনামুল ২৬ জানুয়ারি থেকে নেপিয়ারে শুরু হতে যাওয়া নিউজিল্যান্ড ও জিম্বাবুয়ের একমাত্র টেস্টে আম্পায়ারের দায়িত্ব পালন করবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2012, 12:42 PM

Updated : 24 Aug 2022, 10:35 AM

ঢাকা, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের প্রথম টেস্ট আম্পায়ার হতে যাচ্ছেন এনামুল হক মণি। জাতীয় দলের সাবেক ক্রিকেটার এনামুল ২৬ জানুয়ারি থেকে নেপিয়ারে শুরু হতে যাওয়া নিউজিল্যান্ড ও জিম্বাবুয়ের একমাত্র টেস্টে আম্পায়ারের দায়িত্ব পালন করবেন। এর আগে টেস্টে টিভি আম্পায়ার থাকলেও মাঠে দাঁড়িয়ে দায়িত্ব পালন করার সুযোগ হয়নি। অবশেষে স্বপ্নপূরণ হওয়ার উচ্ছ্বাসে ভেসে যাচ্ছেন তিনি। সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এনামুল বলেন, “বাংলাদেশের প্রথম টেস্ট আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছি। এটাকে বলতে পারেন স্বপ্ন পূরণের মতো ঘটনা। পুরো সিরিজেই আম্পায়ার হওয়ার সুযোগ পেয়ে খুবই ভালো লাগছে।” “কোনো চাপ অনুভব করছি না। বরং সময়টা দারুণ উপভোগ করছি এখন,” যোগ করেন তিনি। একমাত্র টেস্টের পর তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও আম্পায়ারিংয়ের দায়িত্ব থাকবে এনামুলের কাঁধে। ১৯ জানুয়ারি নিউজিল্যান্ডের উদ্দেশে তার দেশ ছাড়ার কথা। এক সময়ের সফল বাহাঁতি স্পিনার এনামুল খেলোয়াড়ি-জীবন শেষে আম্পায়ার হিসেবেও দারুণ সফল। এ প্রসঙ্গে তিনি বলেন, “খেলোয়াড়ি-জীবনে অনেকে যেমন আমাকে অনুসরণ করেছেন, আদর্শ মেনেছেন তেমনি এখনও আম্পায়ার হিসেবে কাজ করার সময় অনেকেই অনুসরণ করছেন আমাকে।” “যখন কেউ বলে আপনাকে দেখে শিখছি বা অনুপ্রাণিত হই তখন ভীষণ ভালো লাগে,” যোগ করেন তিনি। জাতীয় দলের হয়ে ১০ টেস্টে ১৮ এবং ২৯টি ওয়ানডে খেলে ১৯ উইকেট নিয়েছেন এনামুল। ২০০৩ সালের এপ্রিলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চট্টগ্রাম টেস্ট ছিলো তার জীবনের শেষ আন্তর্জাতিক ম্যাচ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৮৩৭ঘ.