২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এসসিজির শততমতেই কি টেন্ডুলকারের শততম শতক?

তবে কি সিডনিতেই নিজের শততম শতকের দেখা পেতে যাচ্ছেন শচীন টেন্ডুলকার? নতুন এক মাইলফলকে পৌঁছাতে যাচ্ছে সিডনি ক্রিকেট গ্রাউন্ডও (এসসিজি)। ৩ জানুয়ারি শুরু হতে যাওয়া ভারত-অস্ট্রেলিয়া ম্যাচটি হতে যাচ্ছে এসসিজিতে আয়োজিত শততম টেস্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2012, 10:07 AM

Updated : 24 Aug 2022, 10:28 AM

ঢাকা, জানুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - তবে কি সিডনিতেই নিজের শততম শতকের দেখা পেতে যাচ্ছেন শচীন টেন্ডুলকার। নতুন এক মাইলফলকে পৌঁছাতে যাচ্ছে সিডনি ক্রিকেট গ্রাউন্ডও (এসসিজি)। ৩ জানুয়ারি শুরু হতে যাওয়া ভারত-অস্ট্রেলিয়া ম্যাচটি হতে যাচ্ছে এসসিজিতে আয়োজিত শততম টেস্ট। এসসিজি সবসময়ই দু-হাত উজাড় করে দিয়েছে টেন্ডুলকারকে। এর আগে এখানে চারটি টেস্ট খেলেছেন ভারতের এই মাস্টার ব্যাটসম্যান। তার পাঁচ ইনিংস ১৪৮*, ৪৫, ৪, ২৪১*, ৬০*, ১৫৪*, ১২। অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান মাইকেল হাসি জানিয়েছেন এসসিজিতে টেন্ডুলকারের রানের বন্যা দেখে আসন্ন ম্যাচের আগে তিনি কিছুটা অস্বস্তিতে ভুগছেন। হাসি বলেন, “আমি কিছুটা অস্বস্তিতে আছি। কারণ তিনি এখানে প্রচুর রান পেয়েছেন এবং শততম শতকের জন্য তার আর মাত্র একটি শতক প্রয়োজন। এটা সিডনির শততম টেস্ট। যদিও কিছুটা অশুভ শোনাবে কিন্তু আশাকরি ওই শতকের জন্য তাকে আমরা এই সিরিজের শেষ পর্যন্ত অপেক্ষা করাতে সক্ষম হব। পরবর্তী যে সিরিজ তিনি খেলবেন সেখানে প্রথম ম্যাচেই তিনি ওই শতক করতে পারেন।” মোলবোর্নে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে অল্পের জন্য শতক বঞ্চিত হন টেন্ডুলকার (৭৩)। উভয় ইনিংসেই পেসার পিটার সিডল তাকে সাজঘরে ফেরত পাঠান। হাসি বলেন, “আমি নিশ্চিত হয়েই বলছি আমাদের সাজঘরের কেউই চায় না তিনি (টেন্ডুলকার) শতক পান।” তবে হাসি মনে করেন এসসিজির উইকেট ঠিক মেলবোর্নের মতো হবে না। মেলবোর্নের উইকেট পেসাদের সহায়তা করলেও অস্ট্রেয়িার এই ব্যাটসম্যান মনে করেন সিডনির উইকেট স্পিন সহায়ক হতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৫৫৫ ঘ.