ঢাকা, জানুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কিংসমিডে শ্রীলঙ্কার কাছে ২০৮ রানে হারের পর দক্ষিণ আফ্রিকা অধিনায়ক গ্রায়েম স্মিথের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর যে গুঞ্জন উঠেছিলো তা বাতিল করে দিয়েছেন খোদ স্মিথ।
‘স্পোর্টস টোয়েন্টিফোর’ কে স্মিথ বলেন, “বিষয়টা মোটেও ওই রকম নয়। এখন পর্যন্ত কোচ এবং দল আমাকেই অধিনায়ক হিসেবে চায়। আমি আমার দায়িত্ব পালন করে যাব।”
“এক সময় আমি অধিনায়ক হতে চেয়েছিলাম। আমাকে তা করা হয়েছে এবং আমি সঠিকভাবে দায়িত্ব পালনে সর্বোচ্চ চেষ্টা করেছি। দুর্ভাগ্যজনকভাবে কোনো দল যখন এভাবে হেরে যায় তখন সেখানে হতাশজনক গল্পের সৃষ্টি হয়। কিন্তু আমার মনে হয় এটা একটু বেশিই হয়ে গেছে।”
শ্রীলঙ্কার বিপক্ষে হারের পর এক টুইটার বার্তায় জানানো হয় স্মিথ পদত্যাগ করছেন। সেই সঙ্গে ওই বার্তায় আরো জানানো হয়, আসন্ন কেপটাউন টেস্টে দল নির্বাচন নিয়ে তিনি ক্ষুব্ধ। এর পরই স্মিথ উপরের মন্তব্য করেন।
তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কাকে ইনিংস ব্যবধানে হারালেও দ্বিতীয় টেস্টে হেরে যায় দক্ষিণ আফ্রিকা। ফলে ৩ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া কেপটাউন টেস্ট দিয়েই সিরিজের ভাগ্য নির্ধারিত হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৫০৯ ঘ.
bdnews24