ঢাকা, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শুক্রবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরোয়া সিরিজের জন্য বাংলাদেশ দল ঘোষণা হতে পারে।
প্রধান নির্বাচক আকরাম খান বলেন, "দল গঠন প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। শুক্রবার একমাত্র টি-টোয়েন্টির দল ঘোষণা হতে পারে।"
টি-টোয়েন্টিতে ১৪ জনের দলের পাশাপাশি অপেক্ষমান হিসেবে চারজনকে রাখবেন তারা। এদের বেশির ভাগকে রেখেই সাজানো হবে একদিনের সিরিজের দল। তখনো চার জন অপেক্ষমান হিসেবে থাকবেন। ওই আঠারো জন থেকেই টেস্ট সিরিজের দল বাছাই করবেন নির্বাচকরা।
দল গড়ার আগে নতুন অধিনায়ক মুশফিকুর রহিম ও কোচ স্টুয়ার্ট ল'র সঙ্গে বৃহস্পতিবার নির্বাচকদের সভা করার কথা রয়েছে। পরে শুক্রবার দুপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতির সঙ্গে বৈঠকের পর দল ঘোষণা করা হতে পারে।
জিম্বাবুয়ে সফরের পর দলের ব্যাটসম্যানরা মানসিকভাবে একটু চাপের মধ্যে ছিলেন বলে মনে করেন আকরাম। কিন্তু বিসিবি কাপ ও চার দিনের প্রস্তুতি ম্যাচে রান পাওয়ায় তারা অনেকখানি আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন বলে মনে করছেন তিনি।
তিনি বলেন, "এবার অনেকগুলো প্রস্তুতি ম্যাচ হয়েছে। ব্যাটসম্যানরা তাই নিজেদের ছন্দ ফিরে পেয়েছেন। পরবর্তী সিরিজে এটা তাদের বেশ কাজে আসবে।"
"সামনে দুটি প্রস্তুতিমূলক টি-টোয়েন্টি ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি একদিনের প্রস্তুতি ম্যাচ আছে। সেখানেও ক্রিকেটারদের নিজেদের প্রমাণের সুযোগ রয়েছে।"
জাতীয় দলের পাশাপাশি বাংলাদেশ 'এ' দলও বাছাই করতে হবে নির্বাচকদের। আগামী নভেম্বরে 'এ' দলের ওয়েস্ট ইন্ডিজ সফরে যাওয়ার কথা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২০৫২ঘ.
bdnews24