ঢাকা, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রথম তিন দিন সমান তালে লড়াই করলেও শেষ দিন বাংলাদেশ লাল দলের সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ সবুজ দল। তামিম ইকবাল ও ইমরুল কায়েসের আক্রমণাত্মক ব্যাটিং চার দিনের প্রস্তুতি ম্যাচে ৭ উইকেটের সহজ জয় এনে দিয়েছে লাল দলকে।
শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার শেষ দিন লাল দলকে জয়ের জন্য ২৩৪ রানের লক্ষ্য বেধে দেয় সবুজ দল। তামিম ও ইমরুলের অর্ধশতকের সুবাদে ৪৫ ওভার ৩ বলে ৩ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় মুশফিকুর রহিমের দল।
এর আগে রকিবুল হাসানের অর্ধশতকের পরও ২৩৭ রানে শেষ হয় সবুজ দলের দ্বিতীয় ইনিংস। ফলে ২৩৩ রানে এগিয়ে যায় তারা। প্রথম ইনিংসে সবুজ দল করেছিল ২৮১ রান।
প্রথম ইনিংসে ২৮৫ রান করায় ৪ রানের লিড পায় লাল দল ।
লক্ষ্য তাড়া করতে নেমে তামিম ও ইমরুল শুরু থেকেই ছিলেন ভীষণ আক্রমণাত্মক। প্রতিপক্ষ বোলারদের একেবারেই সাধারণ স্তরে নামিয়ে এনে চার-ছয়ের ফুলঝুরি ছোটাতে থাকেন তারা।
দুজনের ঝড়ো ব্যাটিংয়ে যখন মনে হচ্ছিল চা-বিরতির আগেই খেলা শেষ হয়ে যাবে ঠিক তখনই বিদায় নেন তামিম (৭৫)। ইলিয়াস সানির বল ড্রাইভ করতে গিয়ে নাঈম ইসলামের হাতে ধরা পড়েন তিনি। তার ৮৭ বলের দারুণ ইনিংসটা সাজানো ৯টি চার ও ২টি ছক্কায়। তামিম ও ইমরুলের উদ্বোধনী জুটি ১৪৫ রান উপহার দেয় লাল দলকে।
তামিমের বিদায়ের পর ইমরুলও বেশিক্ষণ টিকতে পারেননি। দলের সংগ্রহে আর ২১ রান যোগ হওয়ার পর শাহাদাত হোসেনের বলে পুল করতে গিয়ে সেই নাঈমের হাতেই সহজ ক্যাচ তুলে দেন তিনি। ৭৭ রান করা ইমরুলের ৮২ বলের ঝড়ো ইনিংসে ৮টি চার ছাড়াও ছিলো ৩টি বিশাল ছক্কা।
দুই উদ্বোধনী ব্যাটসম্যান দলের প্রত্যাশা পূরণ করলেও মোহাম্মদ আশরাফুল আবারো ব্যর্থ। প্রথম ইনিংসে ১৬ রান করেছিলেন। কিন্তু বৃহস্পতিবার রানের খাতাই খুলতে পারেননি। শাহাদাতের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ে শূন্য হাতে ফিরে আসেন তিনি। লাল দলের সংগ্রহ তখন ৩ উইকেটে ১৭৪ রান।
তবে এরপর আর কোনো ক্ষতি হয়নি তাদের। শুভাগত হোম চৌধুরী ও অধিনায়ক মুশফিক ৬০ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে এনে দেন সহজ জয়। শুভাগত ৪৫ ও মুশফিক ২৬ রানে অপরাজিত থাকেন।
সবুজ দলের পক্ষে শাহাদাত ২ উইকেট নেন ৪৬ রানে।
এর আগে ৬ উইকেটে ১৭৪ রান নিয়ে দিন শুরু করা সবুজ দল শেষ চার উইকেট হারিয়ে আরো ৬৩ রান যোগ করে।
তৃতীয় দিন শেষে ৪৮ রানে অপরাজিত রকিবুল হাসান ৭২ রান করে অষ্টম ব্যাটসম্যান হিসেবে বিদায় নেন। তার ১৪৭ বলের ইনিংসে ৪টি চার রয়েছে। রকিবুলের আগেই ফিরে আসেন আগের দিন শেষে অপরাজিত থাকা অন্য ব্যাটসম্যান ইলিয়াস সানি (৮)।
রকিবুলের বিদায়ের পর প্রায় একাই লড়াই করেন আলাউদ্দিন বাবু। শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়া আলাউদ্দিনের ব্যাট থেকে আসে মূল্যবান ৩১টি রান।
লাল দলের সবচেয়ে সফল বোলার মাহমুদুল্লাহ রিয়াদ। ৪৪ রানে ৩ উইকেট নেন এই অফস্পিনার। সোহরাওয়ার্দী শুভ ও আব্দুর রাজ্জাকের শিকার দুটি করে উইকেট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৮৫১ঘ.
bdnews24