২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

একাডেমির কাজ নিয়ে সন্তুষ্ট গাজী আশরাফ

ভালো ক্রিকেটার তৈরি করাই জিপি-বিসিবি জাতীয় ক্রিকেট একাডেমির প্রধান লক্ষ্য। সেই লক্ষ্যে তারা নিরলস কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন গাজী আশরাফ হোসেন লিপু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2011, 12:21 PM

Updated : 24 Aug 2022, 04:21 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভালো ক্রিকেটার তৈরি করাই জিপি-বিসিবি জাতীয় ক্রিকেট একাডেমির প্রধান লক্ষ্য। সেই লক্ষ্যে তারা নিরলস কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন গাজী আশরাফ হোসেন লিপু। জিপি-বিসিবি একাডেমিতে এ মুহূর্তে প্রধান কোচ হিসেবে কাজ করছেন অস্ট্রেলিয়ার রস টার্নার। তিনি অনেক দিন ধরেই দায়িত্ব পালন করছেন। ইতিমধ্যেই বিশেষজ্ঞ কোচ হিসেবে কাজ করে গেছেন অস্ট্রেলিয়ারই অ্যালান ক্যাম্পবেল ও জিওফ লসন। তারা একাডেমি দলের প্রত্যেক খেলোয়াড়কে নিয়ে আলাদাভাবে কাজ করেছেন। কাজ শেষে তাদের রিপোর্টও দিয়েছেন। তাদের পরামর্শ আর সুপারিশ নিয়ে কাজ করার ইচ্ছা ব্যক্ত করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) টুর্নামেন্ট কমিটির সহ-সভাপতি গাজী আশরাফ। জাতীয় দলের সাবেক অধিনায়ক জানান, রস টার্নার অনেক বড় মাপের কোচ। ক্যাম্পবেল আর লসনও কোচ হিসেবে ভালো। সাধারণত স্বল্প মেয়াদের জন্য যে মানের কোচ পাওয়া যায় এই দুই বিশেষজ্ঞ কোচ তাদের চেয়ে অনেক বড় মাপের। তিনি আরো জানান, একাডেমির প্রতি সেশনের মেয়াদ ১ এপ্রিল থেকে ৩১ মার্চ পর্যন্ত। এই সময়ের মধ্যে জাতীয় লিগ ও প্রিমিয়ার লিগের জন্য পাঁচ/ছয় মাস একাডেমি দলের খেলোয়াড়দের পাওয়া যায় না। সে সময়ে কোচের তেমন কোনো কাজ থাকে না। বড় মাপের কোচের জন্য অনেক টাকার প্রয়োজন। তাছাড়া দীর্ঘ মেয়াদের জন্য এই মানের কোচ পাওয়াও কঠিন। বরং খণ্ডকালীন কোচ পাওয়া তুলনামূলকভাবে সহজ। অনেক টাকা খরচ করে বছরের প্রায় অর্ধেক সময় তাদের বসিয়ে রাখার কোনো মানে হয় না। বিসিবি পরিচালকের দায়িত্ব পালন করা গাজী আশরাফ বলেন, "একাডেমিতে আমরা দুটো ব্যাপারে প্রশিক্ষণ দিচ্ছি। প্রথমটি দক্ষতা, অন্যটি শারীরিক সক্ষমতা। তারা ক্রিকেটারদের দক্ষতা নিয়ে কাজ করেছেন।" তিনি জানান, প্রধান কোচের সঙ্গে আসা অন্য কোচরা একাডেমি দল ছাড়াও প্রয়োজনে জাতীয় ও 'এ' দলের খেলোয়াড়দেরও সাহায্য করবেন। জাতীয় দল কোনো সফরে গেলে যারা দেশে থাকেন তাদের পর্যবেক্ষণে রাখার দায়িত্বও একাডেমির কোচদের। জাতীয় ও 'এ' দলে সুযোগ পেতে পারেন এমন ক্রিকেটারদের সহায়তার কাজও তাদের দায়িত্বের মধ্যে পড়ে। এ ধরনের দায়িত্ব দিয়েই তাদের একাডেমিতে নিয়ে আসা হয়। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) কমিটির সভাপতি গাজী আশরাফ বলেন, "শুধু খেলোয়াড়দের সহায়তা করাই নয়, স্থানীয় কোচদের সঙ্গে নিয়ে কাজ করাও তাদের দায়িত্ব। একাডেমির সঙ্গে কাজ করার সময় স্থানীয় কোচরাও তাদের সঙ্গে ছিলেন। এছাড়া বেশ কিছু সেমিনারও তারা করেছেন। আমরা চাই স্থানীয় কোচরা তাদের সঙ্গে থেকে নিজেদের আরো দক্ষ করে গড়ে তুলুন। সেটা দেশের ক্রিকেটের জন্যই মঙ্গলজনক।" তিনি জানান, একাডেমি ক্রিকেটার তৈরির প্রতিষ্ঠান। এখান থেকে তৈরি হয়ে ক্রিকেটাররা মূল ধারার ক্রিকেটে মিশে যান। অনেক সময় ক্রিকেটারদের মধ্যে খেলাটির অনেক বিষয়ে অজ্ঞতা থাকে। এটা দূর করার উদ্যোগ নেয়া হয়েছে। ঘরোয়া ক্রিকেট সম্পর্কে ক্রিকেটারদের ধারণা থাকলেও আন্তর্জাতিক ক্রিকেট সম্পর্কে তাদের তেমন কোনো ধারণা নেই। এ ব্যপারে তাদের পূর্ণ ধারণা দেয়াও একাডেমির দায়িত্ব। পিচ ও আবহাওয়া, খেলার প্রস্তুতি ইত্যাদি বিষয়েও তাদের ধারণা দেয়া হয়। গাজী আশরাফ বলেন, "একদিনের ক্রিকেটে কয়েকটি পরিবর্তন এসেছে। অক্টোবর থেকে দুই প্রান্ত থেকে দুটো বল ব্যবহার করা হবে বলে পেসারদের গুরুত্ব বাড়বেই। এমনিতে আমরা স্পিনের ওপরে নির্ভরশীল। আমাদের দেশের পিচও স্পিন-সহায়ক। আমরা অবশ্য নতুন বলেও স্পিনারদের দিয়ে বল করিয়ে অভ্যস্ত। সবুজ ঘাসের পিচেও স্পিনারদের বল করা শিখতে হবে।" "তবে পেসারদের গুরুত্ব দিতে হলে তাদের সুবিধা মতো উইকেট বানাতে হবে। উইকেট থেকে সুবিধা না পেলে অনেকেই পেসার হতে চাইবেন না। ঘরোয়া ক্রিকেট পেস সহায়ক পিচে খেলা হলে পেসার আসার পথ সহজ হয়ে উঠবে," যোগ করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৮১৫ ঘ.