ঢাকা, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'টাইগার', আদর করে ডাকা হতো মনসুর আলি খান পতৌদিকে। বাবা ইফতিখার আলি খান পতৌদিও ছিলেন নামজাদা ক্রিকেটার। দেশ ভাগের আগে খেলেন ইংল্যান্ডের পক্ষে। পরে ভারতের হয়ে। বোঝাই যাচ্ছে ক্রিকেট মিশে আছে পতৌদি পরিবারের শেষ ও নবম নবাব মনসুর আলি খানের রক্তের সঙ্গে।
ভারতীয় হয়ে সাদা চামড়ার দেশ ইংল্যান্ডের টেস্ট দলে জায়গা পাওয়া যে সহজ নয়, তা বলার অপেক্ষা রাখে না। সেই অসাধ্য সাধন করেই থেমে যাননি তিনি। প্রথমবারের মতো টেস্ট খেলতে নেমেই প্রমাণ করে দেন এমনি এমনি দলে নেয়া হয়নি তাকে। শতক হাঁকিয়ে প্রতিদান দেন নির্বাচকদের।
তারপরও ইংল্যান্ড দল থেকে বিদায় নিতে হয় তাকে, মজার ব্যাপার হলেও সত্যি; ক্রিকেটকে ভালোবেসেছিলেন বলে। ডগলাস জার্ডিনের ১৯৩২ সালের 'বডিলাইন' বোলিংয়ের ঘোর বিরোধীতা করেন তিনি। 'পুরস্কার'ও পান তিনি হাতেনাতে। বিদায় নিতে হয় দল থেকে।
ভালোবাসা তো আর একতরফা হয় না। ভালোবাসার প্রতিদান ক্রিকেটও দিয়েছে ইফতিখার আলিকে। পরে ভারত দলের অধিনায়কের টুপি মাথায় পড়ে নবাবের মতোই মাঠেই ফেরেন তিনি। ইফতিখার আলি মারা যান ১৯৫২ সালের এমন একটি দিনে, যেদিন ছিল তার ছেলের একাদশ জন্মদিন।
ছেলেকে যে ক্রিকেটার বানাতে চেয়েছিলেন তার প্রমাণ মেলে ইফতিখার আলির কর্মকাণ্ডের মধ্যেই। মনসুর আলির বয়স যখন পাঁচ, তখন তার জন্য ব্যাট বানানোর 'অর্ডার' দিয়েছিলেন গুন অ্যান্ড মুর কোম্পানিকে। কিন্তু বাচ্চা ছেলেদের জন্য ব্যাট তৈরি করতো না তারা। শেষে ইফতিখার আলির বিশেষ অনুরোধে ব্যাট বানিয়ে দেয় পাঁচ বছরের মনসুর আলিকে। পরে ওই ছেলেটিই ভারত দলের লাগাম তুলে নেন মাত্র ২১ বছর বয়সে। এর চেয়ে কম বয়সী অধিনায়কের দেখা এখনো ভারতে মেলেনি।
সামনে আনলেন স্পিন
অক্সফোর্ডের ছাত্র মনসুর আলি ভারতের হয়ে খেলেছেন ৪৬টি টেস্ট। এর মধ্যে নেতৃত্ব দেন ৪০টি খেলায়। সেই সঙ্গে করে বসেন অনন্য এক রেকর্ড। দলনায়কের ভূমিকায় বাবা ও ছেলে, এই রেকর্ড যে আর করো নেই।
মনসুর আলিকে তার সময়ের সেরা কৌশলী অধিনায়ক বলা হতো। স্পিনই যে ভারতের সাফলের চাবিকাঠি হয়ে উঠতে পারে, তিনিই তা প্রথম দেখিয়ে দেন। তার নেতৃত্বেই বিদেশের মাটিতে প্রথম টেস্ট সিরিজ জেতে ভারত। ১৯৬৮ সালে নিউজিল্যান্ডের মাটিতে দেশটিকে হারায় ৩-১ ব্যবধানে। এরপর থেকে দেশের বাইরে কোনো সিরিজে ভারত তিনটি টেস্ট এখনো জিততে পারেনি।
ছেলেবেলাতেই মনসুর আলি বুঝতে পেরেছিলেন স্পিনই ভারতের শক্তি। লাগাম হাত পাওয়ার পর সেভাবেই গড়ে তোলেন তিনি তার দলকে। পেয়েছিলেন নামকরা তিন স্পিনারকেও। বিষেন সিং বেদি, ইরাপল্লি প্রসন্ন ও ভেংকটরাঘবনের নাম কে না জানে। মনসুর আলির অধীনে তাদের 'স্ট্রাইক রেট' ও গড় রীতিমতো চোখে পড়ার মতো।
ভালোবাসতেন হাওয়ায় ভাসিয়ে বল মারতে
দেরাদুনে লেখাপড়া শেষে তিনি চলে যান লন্ডনে। ভর্তি হন উইঞ্চেস্টার কলেজে। এক মৌসুমেই রান করেন দুই হাজারেরও বেশি।
সে সময় মাটি কামড়ানো শটই ছিল ব্যাটসম্যানের মন্ত্র। কিন্তু সেই বৃত্ত থেকে বেরিয়ে আসেন তিনি। ভালোবাসতেন হাওয়ায় ভাসিয়ে ড্রাইভ করতে।
লর্ডসে ১৯৬০ সালে কেমব্রিজের বিপক্ষে সাসেক্সের হয়ে ১৩১ রানের চোখ ঝলসানো একটি ইনিংস খেলেন তিনি। পরের বছরেই হন অক্সফোর্ডের অধিনায়ক। তার আগে এই সম্মান আর কোনো ভারতীয় পাননি। এরপরই ব্রাইটনের কাছে গাড়ি দুর্ঘটনায় ডান চোখের দৃষ্টিশক্তি পুরোপুরি নষ্ট হয়ে তার।
তাই বলে ক্রিকেট জীবনের অবসান ঘটেনি মনসুর আলির। ১৯৬১ সালের ডিসেম্বরে দিল্লিতে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হয় তার। সেই সঙ্গে ব্যাট করে যেতে থাকেন আক্রমণাত্মক ভঙ্গিতে। ওই সিরিজের তৃতীয় টেস্টে আদায় করে নেন শতক। তার ১০৩ রানের ওপর ভর করে ম্যাচ জিতে নেয় ভারত। সিরিজের ট্রফিটাও শোভা বাড়ায় ভারতের শোকেসের।
পতৌদি শেষ টেস্ট খেলেন ১৯৭৪ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। অধিনায়ক হিসেবে মাঠে নামলেও বিদায়টা তার মোটেও সুখকর হয়নি। প্রথম পালায় করেন ৯ রান। দ্বিতীয় পালাতেও তিনি থেমে যান ৯-এ। সিরিজেও হার মানেন তিনি ২-৩ ব্যবধানে।
ক্রিকেটের পর
মনসুর আলি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ম্যাচ রেফারি হিসেবে কাজ করেছেন। বিভিন্ন পত্র-পত্রিকায় লিখেছেন বহু কলাম। ১৯৭৪-৭৫ মৌসুমে ভারত দলের ম্যানেজার হিসেবেও দায়িত্ব পালন করেন। রাজনীতির সঙ্গেও জড়িয়ে পড়েছিলেন তিনি।
সারা জীবনে বিতর্কে জড়িয়ে পড়েছিলেন তিনি একবারই। ২০০৫ সালে বিপন্ন প্রাণী হত্যার দায়ে গ্রেফতার করা হয়েছিল তাকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৩৪০ ঘ.
bdnews24