ঢাকা, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ ক্রিকেট দলের নতুন অধিনায়ক নির্বাচিত হয়েছেন মুশফিকুর রহিম। নতুন সহ-অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ।
মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান বিসিবির মিডিয়া ও যোগাযোগ কমিটির সভাপতি জালাল ইউনুস।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "ক্রিকেট অপারেশন্স কমিটির সভাপতি এনায়েত হোসেন সিরাজের প্রস্তাবে সায় দিয়ে বোর্ড সর্বসম্মতি ক্রমে মুশফিক ও মাহমুদুল্লাহকে জাতীয় দলের দায়িত্ব দিয়েছে।"
আগামী অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজ ও ডিসেম্বরে পাকিস্তানের সঙ্গে দুটি ঘরোয়া সিরিজের জন্য এই দায়িত্ব দেয়া হয়েছে উইকেট রক্ষক-ব্যাটসম্যান মুশফিক ও অলরাউন্ডার মাহমুদুল্লাহকে।
জালাল বলেন, "দায়িত্ব দেয়ার আগে মুশফিক ও মাহমুদুল্লাহর সঙ্গে বোর্ড সভাপতি আ হ ম মোস্তফা কামাল কথা বলেছেন। আজকেও (মঙ্গলবার) তাদের সঙ্গে কথা হয়েছে। সভা থেকেই তিনি তাদেরকে বোর্ডের সিদ্ধান্ত জানিয়েছেন।"
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "আর কোনো প্রস্তাব বোর্ডের ছিল না। অভিজ্ঞতা থেকে শুরু করে বিভিন্ন দিক বিবেচনায় মুশফিক ও মাহমুদুল্লাহকে বোর্ডের যোগ্য মনে হওয়ায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।"
মুশফিক ২৪ টেস্টে একটি শতকসহ ২৭.১৫ গড়ে ১১৯৫ রান করেছেন। লর্ডসে ২০০৫ সালের ২৬ মে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হয় তার।
৯৮টি একদিনের খেলায় একটি শতকসহ ২৫.৬৮ গড়ে ১৮৭৫ রান করেছেন তিনি। একদিনের খেলায় তার অভিষেক ২০০৬ সালের ৬ অগাস্ট জিম্বাবুয়ের বিপক্ষে, হারারেতে।
একদিনের ক্রিকেটে দেশের ত্রয়োদশ অধিনায়ক হলেন মুশফিক। আর টেস্টে অষ্টম। উইকেটরক্ষক হিসেবে তিনি দেশের দ্বিতীয় অধিনায়ক।
মাহমুদুল্লাহ ১০টি টেস্ট খেলে একটি শতকসহ ৩৪.১১ গড়ে ৬১৪ রান করেছেন। আর ৩৬.২৬ গড়ে নিয়েছেন ২৩ উইকেট। ২০০৯ সালের ৯ জুলাই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কিংসটাউনে টেস্ট অভিষেক হয় তার।
৭৩টি একদিনের খেলায় ৩০.৬৫ গড়ে ১৩১৮ রান করে মাহমুদুল্লাহ। আর ৪৮.৭৫ গড়ে নেন ৪০ উইকেট। একদিনের ক্রিকেটে তার অভিষেক শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বোতে, ২০০৭ সালের ২৫ জুলাই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৯০৬ঘ.
bdnews24