ঢাকা, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ধরেই নিয়েছিলেন শেষ একদিনের ম্যাচ খেলে ফেলেছেন তিনি বছর দুয়েক আগে, ২০০৯ সালের সেপ্টেম্বরে। ৭০৩ দিন পর ইংল্যান্ডের বিপক্ষে একদিনের সিরিজে আবারো দলে ডাক পেলেন রাহুল দ্রাবিড়। আর পাঁচ ম্যাচের একদিনের সিরিজের শেষ খেলার ময়দান কার্ডিফকেই বেছে নিলেন একদিনের ক্রিকেটকে বিদায় জানানোর মঞ্চ হিসেবে।
টেস্ট খেলোয়াড় হিসেবেই ক্রিকেট প্রেমীদের মনে স্থায়ী আসন করে নিয়েছেন তিনি। দলের বিপদে দেয়ালের মতো দাঁড়িয়ে যাওয়ার জন্য তাকে আদর করে ডাকা হয় 'দ্য ওয়াল' নামে। একদিনের ক্রিকেটেও কম সফলতা তার নেই। ৩৪৩ খেলায় রান করেছেন ১০,৮২৩। সবোর্চ্চ রান সংগ্রকারীদের তালিকায় আছেন সপ্তম স্থানে। হাঁকিয়েছেন ১২টি দ্বি-শতক ও ৮২টি অর্ধ-শতক। ভারতীয়দের মধ্যে শচীন টেন্ডুলকারই কেবল তার চেয়ে বেশিবার মাঠে নেমেছেন রঙিন পোশাক গায়ে দিয়ে।
পাঁচ অধিনায়কের নেতৃত্বে খেললেও দ্রাবিড় নিজেও ভারতকে নেতৃত্ব দেন ৭৯ বার।
"শুরুতে দ্রুত রান তুলতে না পারলেও সময় গড়ানোর সঙ্গে উইকেটের সঙ্গে তিনি ঠিকই মানিয়ে নেন। দলের এমন খেলোয়াড়ের প্রয়োজন আছে এবং নিষ্ঠার সঙ্গে দ্রাবিড় তার দায়িত্ব পালন করে গেছেন," বিদায় বেলায় শচীন টেন্ডুলকার এভাবেই শ্রদ্ধা জানিয়েছেন 'দ্য ওয়াল'কে।
সৌরভ গাঙ্গুলীও ভোলেননি তার এক সময়ের সতীর্থকে, "২০০২ সালে তিনি সিদ্ধান্ত নেন, উইকেট কামড়ে পরে াকবেন। দলের কথা ভেবেই এমন সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। আসলেও তার মতো ব্যাটসম্যান থাকলে দলের মাঝের সারি এমনিতেই শক্তিশালী হয়ে ওঠে।"
দ্রাবিড় চাইছেন জয় দিয়েই শেষটা মধুর করে রাখতে। প্রাপ্ত সম্মান ও ভালবাসার কথা মনে করিয়ে দিতেও ভোলেননি তিনি, "মনে হয় আমার কাজের জন্য যথেষ্ট সম্মান ও পরিচিতি পেয়েছি। সত্যি কথা বলি, জয় দিয়েই শেষটা শেষ করতে চাই। ভারতের জন্য তা ভালোই হবে। কারোই অজানা নয়, আমরা কঠিন এক সময় পার করছি।"
এমন সময় বিদায়ের সিদ্ধান্ত নিলেন, যখন জয়ের জন্য রীতিমতো যুদ্ধ করছে ভারত। বিশ্বকাপজয়ী দলটি ইংল্যান্ডে টেস্ট ও টি-টোয়েন্টি পর একদিনের সিরিজেও নাকাল হচ্ছে। হেরেছে সব খেলায়, সম্বল কেবল একদিনের সিরিজে একটি মাত্র টাই। তাই বিদায় বেলা দ্রাবিড়ের জন্য কতটা মধুর হবে সে প্রশ্ন থেকেই যায়।
ক্রিকেট ইতিহাসে আড়ালের নায়ক হয়ে ছিলেন তিনি সব সময়। তার প্রাপ্য কৃত্বিতটা কেমন করে যেন আরেকজন নিয়ে যেতো। সাঈদ আনোয়ারের মহাকাব্যিক ১৯৪ রানের কথা ঘোর পাকিস্তানবিরোধী ক্রিকেট প্রেমীর মনেও গেঁে আছে। কিন্তু এ কথা কতজন জানেন, সে খেলায় দ্রাবিড় তার প্রথম শতক আদায় করে নিয়েছিলেন?
অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০০১ সালের ইডেন টেস্টের কথাই ধরুন না, দ্রাবিড় আর লক্ষণ দু'জনে মিলে অস্ট্রেলিয়ার বিপক্ষে শুধু ফলোঅনই এড়াননি, ভারতকে ম্যাচও জিতিয়েছিলেন। অথচ সবার চোখে জয়ের নায়ক দ্বি-শতক হাঁকানো লক্ষ্মণ, ১৮০ রান করেও আড়ালে পড়ে যান দ্রাবিড়।
ক্রিকেট ইতিহাসের পাতা যাই বলুক না কেন, তার ধীর লয়ের মায়াবী ব্যাটিং প্রতিপক্ষের চোখও জুড়িয়ে দিতো। ধোনিরা কি পারবেন জয় দিয়ে দ্রাবিড়ের বিদায় বেলা রঙ্গিন করতে? উত্তরটা সময়ের হাতে ছেড়ে দেয়াই ভালো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/২০২১ ঘ.
bdnews24