ঢাকা, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শেষ পর্যন্ত বৃষ্টিই বাঁচিয়ে দিয়েছে শ্রীলঙ্কাকে। বৃষ্টির কারণে দ্বিতীয় টেস্টের পঞ্চম দিনের বেশির ভাগ সময় খেলা হয়নি। ফলে সিরিজ নিশ্চিত করার সুযোগ হারায় অস্ট্রেলিয়া।
শ্রীলঙ্কার ব্যাটসম্যানরাও অবশ্য প্রথম পালার মতো এলোমেলো ব্যাট করেনি দ্বিতীয় পালায়।
পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম পালায় শ্রীলঙ্কার ১৭৪ রানের জবাবে ৭ উইকেটে ৪১১ রান করে দান ছেড়ে দেয় অস্ট্রেলিয়া। এতে ২৩৭ রানে এগিয়ে থাকে সফরকারীরা।
পঞ্চম দিনের খেলার সমাপ্তি টানার আগে নিজেদের দ্বিতীয় পালায় ৬ উইকেটে ৩১৭ রান করে স্বাগতিকরা। তখন ৮০ রানে এগিয়ে ছিল তারা।
আগের দিন অস্ট্রেলিয়াকে ঠেকিয়ে রাখলেও সোমবার দিনের শুরুতেই বিদায় নেন সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকারা (৬৯)। কোনো রান যোগ করতে পারেননি তিনি। দিনের খেলা শুরু করে শ্রীলঙ্কা ২ উইকেটে ২২৩ রান নিয়ে।
সাঙ্গাকারা বিদায় নিলেও অবিচল ছিলেন আগের দিনের অপর অপরাজিত ব্যাটসম্যান মাহেলা জয়াবর্ধনে। চতুর্থ উইকেট জুটিতে থিলান সামারাবীরাকে সঙ্গে নিয়ে ধাক্কা সামাল দেয়ার চেষ্টা করেন তিনি। কিন্তু দলীয় ২৭০ রানের মাথায় জয়াবর্ধনেও (৫১) বিদায় নিলে বিপদে পড়ে শ্রীলঙ্কা। তার ১৩৩ বলের ইনিংসে ৫টি চার রয়েছে।
দেখেশুনে খেলা শুরু করলেও সুবিধা করতে পারেননি প্রসন্ন জয়াবর্ধনে (২১)। দলীয় ৩০১ রানের মাথায় বিদায় নেন তিনি। ৬ রান পর তাকে অনুসরণ করেন সামারাবীরা (৪৩)।
বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যাওয়ার সময় সহ-অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস ১১ ও সুরাজ রনদিব ৪ রানে অপরাজিত ছিলেন।
অস্ট্রেলিয়ার পক্ষে হ্যারিস ৩ উইকেট নেন ৫৪ রানে।
গল টেস্ট জিতে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে অস্ট্রেলিয়া।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/১৯০০ ঘ.
bdnews24