ঢাকা, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জিম্বাবুয়ে সফরে নিজের মান অনুযায়ী খেলতে পারেন নি বলে মনে করছেন মাহমুদুল্লাহ রিয়াদ। বিসিবি কাপকে দেখছেন ভালো খেলে আত্মবিশ্বাস বাড়িয়ে নেয়ার সুযোগ হিসেবে।
বিসিবি কাপকে সামনে রেখে বাংলাদেশ 'এ' দলের চতুর্থ দিনের প্রস্তুতি শেষে রোববার জাতীয় ক্রিকেট একাডেমি মাঠে রিয়াদ বলেন, "জিম্বাবুয়ে সফরে আমার মান অনুযায়ী রান করতে পারি নি। বিসিবি কাপকে একটা সুযোগ হিসেবে দেখছি। রান করে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলার আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে চাই।"
শুধু নিজের জন্যই নয় বাংলাদেশ 'এ' ও বাংলাদেশ দলের জন্যও বিসিবি কাপকে খুব গুরুত্বপূর্ণ মানছেন তিনি। জিম্বাবুয়ের ব্যর্থতা কাটিয়ে উঠে ওয়েস্ট ইন্ডিজের জন্য প্রস্তুত হতে এই সিরিজ কাজে আসবে বলে মনে করেন তিনি। কিন্তু কার নেতৃত্বে 'এ' দল বিসিবি কাপে খেলবে জানেন না এখনো।
তিনি বলেন, "বোর্ড এখনো এই ব্যাপারে কিছু জানায় নি। অনুশীলন শেষে হয়ত মিটিং থাকতে পারে। তবে এই ব্যাপারে আমাকে এখনো কিছু জানানো হয়নি।"
শুধু 'এ' দল নয় জাতীয় দলের অধিনায়কত্বও পেতে পারেন রিয়াদ। তবে নিজে তেমন কিছু ভাবছেন বলে জানিয়েছেন। তিনি বলেন, "এখন পর্যন্ত অধিনায়কত্ব নিয়ে কিছু ভাবছি না। বিসিবি যদি দায়িত্ব দেয় তাহলে এ নিয়ে ভাববো।"
বাজে খেলার কারণে জিম্বাবুয়েতে হারতে হয়েছে অভিমত জানিয়ে তিনি বলেন, "অন্য কোনো কারণ নেই, বাজে খেলাই হারের কারণ। দল হিসেবে আমরা ভালো খেলতে পারি নি। যে যার কাজ ঠিক মতো করতে পারি নি।"
হারের কারণ হিসেবে প্রস্তুতি ঘাটতিকে দায়ী মনে করেন না রিয়াদ। তিনি বলেন, "প্রস্তুতি ঠিকই ছিল। আমি মনে করি মাঠে প্রয়োগের ক্ষেত্রে ঘাটতি ছিল। সেটাই হারের বড় কারণ, তাছাড়া জিম্বাবুয়েও ভালো খেলেছে।"
জিম্বাবুয়েতে শৃঙ্খলা নিয়ে কোনো সমস্যা ছিল বলে মনে করেন না রিয়াদ। তিনি বলেন, "মাঠের বাইরে নেতিবাচক কিছু হয়নি। আমরা খুব সুশৃঙ্খল ছিলাম।"
"দলের সবাই খুব ভালো, সবাই সবাইকে সাহায্য করে এবং সুশৃঙ্খল," যোগ করেন তিনি।
জিম্বাবুয়ের বিপক্ষে রান না পেলেও জাতীয় দলের ব্যাটসম্যানরা আবারো রানের ধারায় ফিরবে বলে আত্মবিশ্বাসী রিয়াদ। তিনি বলেন, "জিম্বাবুয়ে সফরে আমাদের ব্যাটসম্যানরা সেভাবে রান না পেলেও এর আগের সিরিজগুলোতে কিন্তু কমবেশি সবাই রান পেয়েছে।"
আমি মনে করি বিসিবি কাপ একটা ভালো টুর্নামেন্ট। এখানে রান করে ব্যাটসম্যানরা তাদের আত্মবিশ্বাস বাড়িয়ে নেয়ার সুযোগ পাবেন। সেটা পরের সিরিজে বেশ কাজে লাগবে," যোগ করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনএনএম/১৭০৯ ঘ.
bdnews24