ঢাকা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ছোট ছোট লক্ষ্য ঠিক করে বিশ্বকাপ বাছাই পর্বের প্রস্তুতি সারতে চান বাংলাদেশের মেয়েদের ক্রিকেট দলের কোচ মমতা মাবেন।
শের-ই-বাংলা জাতীয় ক্রিকেটে স্টেডিয়ামে শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "বিশ্বকাপের মূল পর্বে খেলার ভাবনা মাথায় রয়েছে। তবে আপাতত সেসব নিয়ে ভাবছি না। ছোট ছোট কিছু লক্ষ্য ঠিক করে এগোতে চাই।"
ভারতীয় মমতার কাছে বাংলাদেশের মেয়েদের ক্রিকেট বেশ পরিচিত। গত বছর বাংলাদেশ সফরে এসে ছিলেন তিনি। এশিয়ান গেমসেও বাংলাদেশের খেলা দেখেছেন। এছাড়া ভারতের ক্রিকেটারদের কাছ থেকেও ধারণা নিয়েছেন। এখন মেয়েদের সঙ্গে কথা বলে নিজের কৌশল ঠিক করে নিতে চান তিনি।
বলেন, "এই মুহূর্তে বাছাই এর চিন্তা নয়, আগে খেলোয়াড়দের ম্যাচ খেলার মতো প্রস্তুত করতে চাই। ম্যাচ ফিট হওয়ার পর অন্যান্য বিষয় নিয়ে কাজ হবে।"
খেলোয়াড়ের খেলার কৌশলেও খুব বেশি কিছু পরিবর্তনের কথা ভাবছেন না মমতা। তিনি বলেন, "হাতে খুব বেশি সময় নেই। আর খেলোয়াড়দের ভিত নিয়ে কাজ করার সময়ও এটি নয়।"
"ম্যাচ কীভাবে খেলবো, বোলিং ও ব্যাটিং কৌশল কী হবে সেই সব নিয়েই মূলত এখন কাজ করবো। এখন বেশি পরিবর্তন করতে গেলে হিতে বিপরীত হতে পারে। ফিল্ডিংয়ে উন্নতি, রানিং বিটুইন দ্য উইকেটের মতো ব্যাপারগুলো নিয়ে কাজ করতে হবে," যোগ করেন তিনি।
বাংলাদেশ দল বেশ শক্তিশালী, দলে কয়েকজন ভালো খেলোয়াড় রয়েছে মেনে নিলেও চূড়ান্ত পর্বে খেলা খুব সহজ হবে না বলে মনে করে তিনি। বলেন, "ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তানের মতো দল রয়েছে আমাদের গ্র"পে। গত আসরে তারা পঞ্চম ও ষষ্ঠ স্থানে ছিল। এছাড়া অন্য দলগুলোও বেশ শক্তিশালী।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসএনএল/১৭০০ ঘ.
bdnews24