২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রস্তুতিতে বিসিবি কাপ কাজে দেবে: সুমন

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতিতে বিসিবি কাপ কাজে দেবে বলে মনে করছেন নির্বাচক হাবিবুর বাশার। তিনি বলেন, জিম্বাবুয়ে সফরের চেয়ে এবার প্রস্তুতি যথেষ্ট ভালো হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2011, 11:55 AM

Updated : 24 Aug 2022, 03:55 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতিতে বিসিবি কাপ কাজে দেবে বলে মনে করছেন নির্বাচক হাবিবুর বাশার। তিনি বলেন, জিম্বাবুয়ে সফরের চেয়ে এবার প্রস্তুতি যথেষ্ট ভালো হবে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ খেলায় (বিশ্বকাপ ম্যাচ) ৫৮ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। ওই ম্যাচের পর প্রথম দেখায় তার কোনো ছাপ থাকবে না বলে মনে করেন সুমন। রাজধানীর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ দলের অনুশীলনের সময় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে হাবিবুল বলেন, "ব্যাটিং নিয়ে আমাদের আলাদা কোনো ভাবনা নেই। ওই খেলার পর অনেকটা সময় কেটে গেছে। ব্যাটসম্যানরা নিজেদের ফিরে পেয়েছেন।" ওই দিনটাকে একটা খারাপ দিন বলে অভিহিত করেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফরের দিনক্ষণ এখনো ঠিক হয়নি। তবে ৩ অক্টোবর নাগাদ দলটি বাংলাদেশে আসতে পারে। সফরে ওয়েস্ট ইন্ডিজ দু'টি টেস্ট, তিনটি একদিনের ও একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। বিসিবি কাপ সম্পর্কে তিনি বলেন, "আমরা তিনটি দল গঠন করেছি। চেষ্টা করেছি দলগুলোর শক্তির মধ্যে একটা ভারসাম্য রাখতে। এ জন্য বাংলাদেশ 'এ' দলে জাতীয় দলের তিন-চার জন ক্রিকেটার রাখা হয়েছে।" "প্রস্তুতি ম্যাচ খেলে সিরিজের জন্য প্রস্তুতি শতভাগ নাও হতে পারে। কেননা এসব খেলা সাধারণত প্রতিযোগিতা মূলক হয় না," যোগ করেন তিনি। সাবেক অধিনায়ক বলেন, "এবার কিন্তু প্রতিযোগিতামূলক খেলা হবে। আশা করছি, বিসিবি কাপকেও খেলোয়াড়রা সেভাবে নেবেন। বিসিব কাপে কে কেমন খেলছে সেটা আমরা দেখবো।" কিন্তু এই প্রতিযোগিতায় খেলোয়াড়দের খেলা দেখে দল গঠন করা হবে কি না, তা তিনি বলেননি। হাবিবুল ২০০৪ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত অধিনাকের দায়িত্ব পালন করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/১৭৪১ ঘ