ঢাকা, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - একদিনের সিরিজে শর্ট বল দিয়েই ভারতীয় ব্যাটসম্যানদের ঘায়েল করতে চায় ইংল্যান্ড।
চার টেস্টের সিরিজে শর্ট বল দিয়ে সফরকারী ব্যাটসম্যানদের কাবু করার পর একদিনের সিরিজেও বিশ্ব চ্যাম্পিয়নদের পুরনো অস্ত্রেই বধ করতে চান স্টুয়ার্ট ব্রড।
পাঁচ ম্যাচের একদিনের সিরিজের প্রথমটি বৃষ্টিতে ভেসে যাওয়ার পর শেষ চার ম্যাচে জয় চান ব্রড। এ জন্য রোজ বৌলে দ্বিতীয় একদিনের খেলায় স্বাগতিক বোলাররা তাদের মূল অস্ত্র হিসেবে শর্ট বলকে বেছে নেবে বলে জানিয়ে দিয়েছেন তিনি।
দ্য সানকে ব্রড বলেন, "আমাদের পেস আক্রমণ দারুণ শক্তিশালী। তারপরও ভারতের মতো শক্তিশালী ব্যাটিং লাইনআপের বিপক্ষে ভালো করতে হলে ইয়র্কার ও ধীর গতির বলের বুদ্ধিদীপ্ত ব্যবহার করতে হবে। আমি বিশ্বাস করি, উইকেটের সঙ্গে মানিয়ে নিয়ে ভারতকে চাপে ফেলতে পারবো।"
তিনি বলেন, রোজ বৌলের পিচে যথেষ্ট পেস রয়েছে। এখানে বাউন্সার দিলে ভালো ফল পাওয়া যাবে। আমি মনে করি শর্ট বল এই পিচে চমৎকার একটি অস্ত্র।"
ব্রড কথা বলেছেন ভারতের আহত ব্যাটসম্যান রোহিত শর্মার চোট নিয়েও। প্রথম একদিনের ম্যাচে ব্যাট হাতে নেমে প্রথম বলেই আঙ্গুলে আঘাত পান রোহিত। বোলার ছিলেন ব্রড। ওই চোটের কারণে দেশে ফিরে যেতে হচ্ছে রোহিতকে।
ব্রড বলেন, "বলটি সরাসরি রোহিতের আঙ্গুলে লাগে। এটা তার জন্য খুব বেদনাদায়ক ছিল। আমি তখনই বুঝতে পেরেছিলাম বাড়ি ফিরে যেতে হতে পারে তাকে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/২০১৯ ঘ.
bdnews24