২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'আমাদের এক পালা ব্যাট করার পরিকল্পনা ছিল'

বুলাওয়ের পিচে চতুর্থ পালায় ব্যাট করার কোনো ইচ্ছে পাকিস্তানের ছিল না। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ওই পিচে ব্যাট করা কঠিন হবে বলে মনে করছেন পাকিস্তানের উপরের সারির ব্যাটসম্যান আজহার আলী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2011, 12:21 PM

Updated : 24 Aug 2022, 03:53 PM

ঢাকা, সেপ্টেম্বর ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বুলাওয়ের পিচে চতুর্থ পালায় ব্যাট করার কোনো ইচ্ছে পাকিস্তানের ছিল না। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ওই পিচে ব্যাট করা কঠিন হবে বলে মনে করছেন পাকিস্তানের উপরের সারির ব্যাটসম্যান আজহার আলী। সিরিজের একমাত্র টেস্টে জিম্বাবুয়ে প্রথম পালায় করে ৪১২ রান। জবাবে ৫ উইকেটে ৩৫৭ রান করে পাকিস্তান তৃতীয় দিন শেষ করে। দিন শেষে আজহার বলেন, "আমাদের এক পালা ব্যাট করার পরিকল্পনা ছিল। উইকেট এখনো যথেষ্ট ধীরগতি এবং ধীরে ধীরে আরো ধীর হয়ে যাচ্ছে। এখানে বল তাড়া করে খেলা খুব কঠিন। বাইরের বল তাড়া করা আরো কঠিন।" প্রথম পালায় আজহার ১৯৩ বল খেলে করেন ৭৫ রান। প্রায় চার ঘন্টা ব্যাট করার অভিজ্ঞতা থেকে তিনি বলেন, "এখানে শেষের দিকে ব্যাট করা আরো কঠিন হবে। খেলার ফল নির্ধারক হতে পারেন স্পিনাররা।" নিজের প্রথম টেস্ট খেলতে নামা জিম্বাবুয়ের স্পিনার গ্রেগ ল্যাম্ব পাকিস্তানের প্রথম পালায় নেন ৩ উইকেট। দলের পক্ষে সবচেয়ে সফল এই বোলার তৃতীয় দিন উইকেট থেকে যথেষ্ট সহায়তা পান। তবে তার পরও ল্যাম্ব নয় রে প্রাইসকে পাকিস্তানের জন্য সবচেয়ে বড় বিপদ বলে মনে করছেন আজহার। তিনি বলেন, "রে প্রাইস ব্যবধান গড়ে দিতে পারেন। প্রথম ৩০ ওভারে তিনি কেবল ২৯ রান দিয়েছেন। এটাই প্রমাণ করে তাকে খেলা কতটা কঠিন ছিল।" তৃতীয় দিন সকালে প্রাইসকে কী করে সামলাবেন সেটা ঠিক করতে যথেষ্ট ভুগতে হয়েছে বলে জানান আজহার। তিনি বলেন, "এ নিয়ে অধিনায়ক মিসবাহ-উল-হকের সঙ্গে নেটে কাজ করেছি। সঠিক ফুটওয়ার্ক ও লেন্থ বোঝার জন্য আমরা নেটে অনেক সময় কাটিয়েছি।" উইকেটের দিক থেকে ভালো বোলিংয়ের পরও কোনো পুরস্কার পাননি প্রাইস। তবে পাকিস্তানের রান তোলা আটকে রাখতে পেরেই খুশি তিনি। তিনি বলেন, "আমার কাজ ছিল রান তোলার গতি কমিয়ে রাখা সেটা ভালো ভাবেই করেছি। তারা দ্রুত রান তুলতে না পারায় আমরা খুশি।" পাকিস্তানের স্পিনারদের দ্বিতীয় পালায় সামলানো খুব কঠিন হবে মানলেও জেতার জন্যই জিম্বাবুয়ে ব্যাট করবে বলে জানান প্রাইস। তিনি বলেন, "আমরা অবশ্যই জেতার জন্য খেলব।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসএনএল/১৮১৪ ঘ.