ঢাকা, সেপ্টেম্বর ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মাহেলা জয়াবর্ধনে ও অ্যাঞ্জেলো ম্যাথিউসের লড়াইয়ের পরও গল টেস্ট ১২৫ রানে হেরেছে শ্রীলঙ্কা।
এ জয়ের ফলে তিন টেস্টের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া। ৮ সেপ্টেম্বর পাল্লেকেলেতে শুরু হবে দ্বিতীয় টেস্ট।
রিকি পন্টিংয়ের কাছ থেকে দায়িত্ব নেয়ার পর এটাই টেস্টে মাইকেল ক্লার্কের প্রথম জয়। তবে তারপরও অর্জনের দিক থেকে রিকি পন্টিংই এগিয়ে। এ নিয়ে ব্যক্তিগতভাবে একশ টেস্ট জিতলেন পন্টিং। যেখানে দেশ হিসেবেই ভারত শততম টেস্ট জিতেছে ২০০৯ সালে এবং অনেক দেশেরই এখনো একশ টেস্ট জেতা হয়নি।
শ্রীলঙ্কার মাটিতে সফরকারী দেশের সবচেয়ে বেশিবার টেস্ট জেতার রেকর্ডে ভাগ বসালো অস্ট্রেলিয়া। এর আগে ছয় টেস্ট জিতে এ রেকর্ড গড়েছিল পাকিস্তান। এবার তাদের পাশে দাঁড়ালো ক্লার্কের অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়ার জয়ের সামনে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন জয়াবর্ধনে ও ম্যাথিউস। ষষ্ঠ উইকেটে ১৪২ রান যোগ করে তারা স্বপ্ন দেখিয়েছিলেন স্বাগতিকদের।
অস্ট্রেলিয়ার প্রথম পালার ২৭৩ রানের জবাবে শ্রীলঙ্কা করে ১০৫। দ্বিতীয় পালায় অস্ট্রেলিয়া করে ২১০। ফলে তারা এগিয়ে যায় ৩৭৮ রানে।
৫ উইকেটে ১২০ রান নিয়ে চতুর্থ দিন শুরু করে শ্রীলঙ্কা। এর আগে শুক্রবার তৃতীয় দিন জয়ের লক্ষ্য ৩৭৯ রান তারা করতে নেমে ৬৮ রান তুলতেই ৫ উইকেট তারা।
চার নম্বর ব্যাটসম্যান হিসেবে খেলতে নেমে জয়াবর্ধনে তুলে নেন তার ২৯তম শতক। শেষ পর্যন্ত দলীয় ২১০ রানের মাথায় জয়াবর্ধনে (১০৫) সাজঘরে ফিরে গেলে খেলায় ফিরে অস্ট্রেলিয়া।
তিনি তার ২৩১ বলের ইনিংসটি সাজান ১৫টি চার ও ১টি ছয় দিয়ে।
জয়াবর্ধনের বিদায়ের পর প্রায় একাই লড়ছিলেন ম্যাথিউস (৯৫)। কিন্তু নবম ব্যাটসম্যান হিসেবে তার বিদায়ের পর নিশ্চিত হয়ে যায় স্বাগতিকদের বড় পরাজয়। দলের রান তখন ২৪৯। তার ১৯১ বলের ইনিংসে চার রয়েছে তেরটি।
অস্ট্রেলিয়ার পক্ষে রায়ান হ্যারিস ৫ উইকেট নেন ৬২ রানে। এ নিয়ে পালায় দ্বিতীয় বার ৫ উইকেট নিলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৫২৩ ঘ.
bdnews24