২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়া সফরের পর ইশান্তের অস্ত্রোপচার

ভারতের অস্ট্রেলিয়া সফরের পরই ডাক্তারের ছুরি-কাঁচির নিচে যাবেন পেসার ইশান্ত শর্মা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2011, 11:16 AM

Updated : 24 Aug 2022, 03:51 PM

ঢাকা, অগাস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভারতের অস্ট্রেলিয়া সফরের পরই ডাক্তারের ছুরি-কাঁচির নিচে যাবেন পেসার ইশান্ত শর্মা। ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্টে খেলার সময় বাঁ-পায়ের গোড়ালিতে চোট পান তিনি। এ কারণে একদিনের সিরিজে খেলতে পারছেন না তিনি। ইংল্যান্ডের বিপক্ষে পাঁচটি একদিনের ম্যাচ খেলবে ভারত। প্রথমটি হবে ৩ সেপ্টেম্বর চেস্টার লি স্ট্রিটে। হিন্দুস্তান টাইমসকে ইশান্ত বলেন, "অস্ট্রেলিয়া সফর খুবই গুরুত্বপূর্ণ। কোনো খেলোয়াড়ই এই সফর থেকে দূরে সরে থাকতে চাইবেন না। তাই আমি অস্ট্রেলিয়া সফরের পর অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছি।" "এই মুহূর্তে আমাকে কয়েকটি ব্যায়াম করার পরামর্শ দেয়া হয়েছে," বলেন তিনি। ইংল্যান্ড সফরে একদিনের দল ঘোষণার সময় ভারতের ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, চোট নিয়েও সফরে ভালো করেছেন ইশান্ত। তবে বাঁ-পায়ের ব্যথা সারানোর জন্য তার চিকিৎসা শুরু করা জরুরি। নিজের অবস্থার কথা বলতে গিয়ে ইশান্ত বলেন, "আমার বাঁ-পায়ের 'লিগামেন্ট' ছিঁড়ে গেছে। এছাড়া গোড়ালির একটি হাড়েও আঘাত পেয়েছি। তাই অস্ত্রোপচারের কোনো বিকল্প নেই। কিন্তু এখনই যদি আমি অস্ত্রোপচার করি তাহলে তিন মাস আমার পায়ে ব্যান্ডেজ বাঁধা থাকবে। আর পুরোপুরি সুস্থ হতে ছয় থেকে আট মাস লেগে যেতে পারে।" ডিসেম্বর অস্ট্রেলিয়া সফরে যাবে ভারত। চারটি টেস্ট ও দুইটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার পর তিন দেশকে নিয়ে একটি টুর্নামেন্ট খেলবে দলটি। টুর্নামেন্টের অপর দলটি হচ্ছে শ্রীলঙ্কা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৬৫৫ ঘ.