ঢাকা, অগাস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভারতের বিপক্ষে চতুর্থ টেস্ট জয়ের জন্য সোমবার শেষ দিন ইংল্যান্ডের প্রয়োজন ৭ উইকেট। অন্য দিকে দ্বিতীয় পালায় ইংল্যান্ডকে ব্যাট করাতেই এখনো ভারতের প্রয়োজন ১৬২ রান।
কেনিংটন ওভালে রোববার সিরিজে শেষ টেস্টের চতুর্থ দিন শেষে দ্বিতীয় পালায় ভারতের সংগ্রহ ৩ উইকেটে ১২৯ রান। এক প্রান্তে শচীন টেন্ডুলকার ৩৫ ও অন্য প্রান্তে নাইটওয়াচম্যান অমিত মিশ্র ৮ রানে ব্যাট করছেন।
৬ উইকেটে ৫৯১ রানে ইংল্যান্ড নিজেদের প্রথম পালা ঘোষণা করে। জবাবে রাহুল দ্রাবিড়ের ৩৫তম শতকের পরও ৩০০ রানে থেমে যায় ভারতের প্রথম পালা। এতে ২৯১ রানে পিছিয়ে পড়ে ফলোঅন নামে সফরকারীরা।
রানের পাহাড়ে চাপা পড়া ভারত দ্বিতীয় পালায়ও বিপদে পড়েছে। প্রথম পালায় দলকে পথ দেখানো দ্রাবিড় দ্বিতীয় পালায় বেশিক্ষণ টেকেন নি, করেন ১৩ রান। দলীয় ৪৯ রানের মাথায় তাকে ফেরান গ্রায়েম সোয়ান। অন্য উদ্বোধনী ব্যাটসম্যান বীরেন্দর শেবাগকেও (৩৩) ফেরান তিনি। সে সময় দলের রান ৬৪।
দুই ব্যাটিং ভরসার বিদায়ে বড় ধাক্কা খেলেও তা কাটিয়ে উঠার স্বপ্ন দেখাচ্ছিলেন ভিভিএস লক্ষ্মণ ও শচীন। কিন্তু উইকেটে সেটে হয়ে লক্ষ্মণ (২৪) জেমস অ্যান্ডারসনের শিকারে পরিণত হলে আরো বড় বিপদে পড়ে ভারত।
ম্যাচ বাঁচাতে শেষ দিন শচীনের দিকে তাকিয়ে থাকবে ভারত। ইংল্যান্ড সফরে টানা চার টেস্ট পরাজয় রুখতে সুরেশ রায়না ও মহেন্দ্র সিং ধোনিকে নিয়েই লড়তে হবে শচীনের।
ভারতের দ্বিতীয় পালায় ইংল্যান্ডের পক্ষে সোয়ান ২ উইকেট নেন ৫১ রানে।
এর আগে ভারত প্রথম পালায় ৫ উইকেটে ১০৩ রান নিয়ে দিন শুরু করে। ষষ্ঠ উইকেটে দ্রাবিড় ও অমিত মিশ্র ৮৭ রান যোগ করে দলকে টেনে তুলেন। কিন্তু দলীয় ২২৪ রানের মাথায় মিশ্র (৪৩) বিদায় নিলে হোঁচট খায় ভারত।
দলের বিপর্যয়ের কথা চিন্তা করে চোট নিয়েও ব্যাট করতে নামেন গৌতম গম্ভির। কিন্তু ১০ রানের বেশি করতে পারেন নি তিনি। তার বিদায়ের পর অন্য প্রান্তে অবিচল দ্রাবিড়কে সঙ্গ না দিয়ে একদিনের মেজাজে খেলতে থাকেন রুদ্র প্রতাপ সিং। শেষ পর্যন্ত ২৫ রান আসে তার ব্যাট েেক। দলীয় ৩০০ রানে নবম ব্যাটসম্যান হিসেবে বিদায় নেন তিনি। ওই রানেই সাজঘরের প ধরেন শ্রীশান্থ।
শেষ পর্যন্ত ১৪৬ রানে অপরাজিত থাকেন ভারতের পালা উদ্বোধন করা দ্রাবিড়। তিনি তার ২৬৬ বলের ইনিংসটি সাজান ২০টি চার দিয়ে। চলতি সিরিজে এটি দ্রাবিড়ের তৃতীয় শতক। সব মিলিয়ে ৩৫তম। টেস্টে তার চেয়ে বেশি শতক রয়েছে কেবল শচীন টেন্ডুলকার ৫১, জ্যাক ক্যালিস ৪০ ও রিকি পন্টিংয়ের ৩৯।
ইংল্যান্ডের পক্ষে টিম ব্রেসন্যান ও সোয়ান ৩টি করে উইকেট নেন। এ জন্য ব্রেসন্যান দেন ৫৪ রান। সোয়ান ১০২।
চার ম্যাচের সিরিজের প্রথম তিনটি জিতে ৩-০ ব্যবধানে এগিয়ে আছে ইংল্যান্ড।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/০০১৬ ঘ.
bdnews24