ঢাকা, অগাস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আর্গুস মূল্যায়ন ও বোর্ডের শুক্রবারের সিদ্ধান্তে খেলার প্রতি দলের মনোযোগ কিছুটা হলেও নষ্ট হয়েছে বলে মনে করছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্ক।
তবে শ্রীলঙ্কার বিপক্ষে ভালো খেলে সিরিজ জেতায় দলের প্রশংসাও করেন তিনি।
প্রধান নির্বাচকের পদ থেকে অ্যান্ড্রু হিলডিচকে সরিয়ে দেয়া প্রসঙ্গে ক্লার্ক বলেন, সিরিজ চলাকালে এ ব্যাপারে কোনো কথা না বলবেন না দলের সদস্যরা।
চতুর্থ একদিনের খেলায় শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ জেতার পর তিনি বলেন, "কোনো সন্দেহ নেই দলের মনোযোগ কিছুটা হলেও নড়ে গেছে।"
খেলায় ৫ উইকেটে স্বাগতিকদের হারিয়ে পঁাঁচ ম্যাচের সিরিজে ৩-১ ব্যবধানে এগিয়ে যায় অস্ট্রেলিয়া।
তিনি বলেন, "খেলার বাইরে অনেক কিছুই ঘটে, যা তোমার মনোযোগ নষ্ট করতে পারে। এ ব্যাপারে গতকাল আমরা টিম মিটিংয়ে কোনো কথা না বলার সিদ্ধান্ত নেই।"
শ্রীলঙ্কাকে ১৩২ রানে গুড়িয়ে দেয়ায় বোলারদের উচ্ছ্বসিত প্রশংসা করেন ক্লার্ক। তিনি বলেন, "কঠিন ও গরম পরিবেশেও বোলাররা দারুণ বল করেছেন।"
তিনি বলেন, "আমরা ইনিংসের শুরুতেই উইকেট নিতে না পারলেও বোলাররা সঠিক জায়গায় বল ফেলেছেন। তাদের লাইন ও লেঙও ভালো ছিল। আমরা জানতাম, এখানে ভালো করতে হলে আমাদের বল হাতে ধৈর্য ধরতে হবে। আমাদের সাফল্যের প্রধান কারণ এটাই। আমরা শ্রীলঙ্কাকে তিনবার অল আউট করতে পেরেছি।"
চার উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার জয়ে সবচেয়ে বড় অবদান রাখেন জ্যাভিয়ার ডোয়ার্টি। তিনি বলেন, "সিরিজে যতগুলো উইকেট নিতে চেয়েছিলাম তা পারিনি, তবে আজ বেশ কয়েকটি উইকেট নিতে পেরে ভালো লাগছে।"
ডোয়ার্টির প্রশংসা করেন অধিনায়ক ক্লার্কও। তিনি বলেন, "কখনো কখনো এক প্রান্তে ভালো বল করেও আপনি উইকেট পাবেন না। অন্য প্রান্তে কিন্তু উইকেট নেয়ার সুযোগ করে দেয় এটিই। সিরিজে এ কাজটা ডোয়ার্টি বেশ ভালোভাবেই করেছেন।"
ডোয়ার্টির টেস্ট খেলার সম্ভাবনার পালে হাওয়া দিয়ে ক্লার্ক বলেন, "এভাবে বল করে যেতে থাকলে তার টেস্ট না খেলার কোনো কারণ দেখি না।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/১৬২৬ ঘ.
bdnews24