ঢাকা, অগাস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরতে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) কয়েকটি স্বল্প ও দীর্ঘ মেয়াদী পদক্ষেপ নিয়েছে।
অ্যাশেজে অস্ট্রেলিয়ার ভরাডুবির কারণ খতিয়ে দেখার দায়িত্ব দেয়া হয় ডন আর্গুসের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের একটি মূল্যায়ন কমিটিকে। কমিটির অন্য সদস্যরা হলেন সাবেক তিন অধিনায়ক অ্যালান বোর্ডার, মার্ক টেলর ও স্টিভ ওয়াহ এবং সিএ'র সাবেক প্রধান নির্বাহী ম্যালকম স্পিড।
ওই কমিটির সুপারিশের ভিত্তিতে এসব পদক্ষেপ নেয় সিএ। এ ব্যাপারে বিস্তারিত ব্যাখ্য না দেয়া হলেও দলের 'পারফরমেন্স' যাচাই করে দেখার জন্য একজন জেনারেল ম্যানেজার নিয়োগের সুপারিশ করা হয়। তিনি দল, কোচিং, নির্বাচন ইত্যাদি বিষয় দেখভাল করবেন। একই সঙ্গে স্টেট ক্রিকেটে 'পারফরমেন্স' ও প্রতিভা খুঁজে বের করার দায়িত্বে নিয়োজিত ম্যানেজারদের সঙ্গেও কাজ করবেন তিনি।
নির্বাচন প্যানেলেও পরিবর্তন আনার সুপারিশ করা হয়েছে। বলা হয়েছে পূর্ণকালীন চেয়ারম্যানসহ পাঁচ সদস্যের নির্বাচন প্যানেল গঠনের কথা। দু'জন খণ্ডকালীন নির্বাচক স্টেট ক্রিকেট দেখাশোনা করবেন। অধিনায়ক ও কোচ নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করবেন।
প্রধান নির্বাচক 'পারফরমেন্স' ম্যানেজমেন্টের কাছে দায়বদ্ধ থাকবেন। জাতীয় দলের বাইরের খেলোয়াড়দের সঙ্গে যোগাযোগের বিষয়টিও দেখবেন তিনি। খেলোয়াড়দের উন্নতির জন্য পরিকল্পনা তৈরি ও তার বাস্তবায়নেরও দায়িত্ব তার।
কোচিং কাঠামোয় পরিবর্তন সম্পর্কে বলা হয়, প্রধান কোচ নির্বাচক হিসেবেও কাজ করবেন। অস্ট্রেলিয়ার কোচিং কৌশল নির্ধারণে 'সেন্টার অব এক্সিলেন্স' ও স্টেট এসোসিয়েশনের সঙ্গে কাজ করবেন তিনি।
এর বাইরেও কিছু সুপারিশ রয়েছে যেগুলো এখনো সিএ অনুমোদন করেনি। কিছু দিনের মধ্যে অবশ্য অনুমোদনের সম্ভাবনা রয়েছে।
অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেট, বিশেষ করে প্রথম শ্রেণীর ক্রিকেট কাঠামোকে ঢেলে সাজানোর সুপারিশ করা হয়েছে। বয়সভিত্তিক দল ও অস্ট্রেলিয়া 'এ' দলের ব্যাপারে আরো বেশি নজর দেয়ার প্রস্তাব করা হয়েছে। 'এ' দল যেন সত্যিকার অর্থেই দ্বিতীয় দল হিসেবে গড়ে উঠতে পারে তা নিশ্চিত করার কথা বলা হয়েছে।
টেস্ট খেলার উপযোগী উইকেটে প্রথম শ্রেণীর খেলা আয়োজনের পরামর্শ দেয়া হয়েছে।
এছাড়া বিগ ব্যাশ লিগ যেন কোনোভাবেই টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ফিরে পাওয়ার পথে বাধা হয়ে না দাঁড়াতে পারে তা নিশ্চিত করতে বলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/১৬০৩ ঘ.
bdnews24