২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওভাল টেস্টেও নেই ট্রট

চোট কাটিয়ে সম্পূর্ণ সুস্থ না হওয়ায় ওভাল টেস্টে খেলা হচ্ছে না জনাথন ট্রটের। তবে দলে ফিরেছেন ক্রিস ট্রেমলেট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2011, 10:03 AM

Updated : 24 Aug 2022, 03:46 PM

ঢাকা, অগাস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চোট কাটিয়ে সম্পূর্ণ সুস্থ না হওয়ায় ওভাল টেস্টে খেলা হচ্ছে না জনাথন ট্রটের। তবে দলে ফিরেছেন ক্রিস ট্রেমলেট। প্রথম তিন ম্যাচ জিতে চার ম্যাচের টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে এগিয়ে আছে ইংল্যান্ড। সিরিজ জেতার পাশাপাশি আদায় করে নিয়েছে আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান। ১৮ অগাস্ট থেকে ওভালে শুরু হতে যাওয়া চতুর্থ ও শেষ টেস্টের জন্য ১৩ সদস্যের দল ঘোষণা করেছে স্বাগতিকরা। ট্রট না ফেরায় এজবাস্টন টেস্টে সুযোগ পাওয়া রবি বোপারা নিজেকে প্রমাণের জন্য আরেকটি সুযোগ পাচ্ছেন। অন্য দিকে ট্রেমলেট ফেরায় মধুর সমস্যায় পড়েছেন ইংল্যান্ড অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস। কাকে খেলাবেন তিনি। টিম ব্রেসন্যান না ক্রিস ট্রেমলেটকে? ট্রেমলেটের চোটের কারণে ট্রেন্টব্রিজ ও এজবাস্টনে খেলার সুযোগ মেলে ব্রেসন্যানের। সুযোগ পেয়ে কাজে লাগাতে মোটেও ভুল করেন নি তিনি। বল-ব্যাট হাতে নিজেকে মেলে ধরে বড় জয়ে অবদান রাখেন তিনি। অন্য দিকে ট্রেমলেট টেস্টে ইংল্যান্ডের পেস আক্রমণের নিয়মিত সদস্য। ইংল্যান্ডের জাতীয় নির্বাচক জিওফ মিলার বলেন, "ট্রট দ্রুত সুস্থ হয়ে উঠছেন। তবে কাঁধের চোট কাটিয়ে ওভালে চতুর্থ ও শেষ টেস্ট খেলার মতো সুস্থ হয়ে উঠেন নি। এখনো তার আরো চিকিৎসা প্রয়োজন।" সে কারণেই রবি বোপারা আরেকটি সুযোগ পাচ্ছেন বলে জানান তিনি। তিনি বলেন, "ক্রিস ট্রেমলেট এখন সম্পূর্ণ সুস্থ। এই গ্রীষ্মের শেষ টেস্টের জন্য তিনি এবং স্টিভেন ফিন ১৩ সদস্যের দলে জায়গা পেয়েছেন।" দল: অ্যান্ড্রু স্ট্রাউস (অধিনায়ক), অ্যালিস্টার কুক, ইয়ান বেল, কেভিন পিটারসেন, ইয়ন মর্গান, রবি বোপারা, ম্যাট প্রায়র, স্টুয়ার্ট ব্রড, টিম ব্রেসন্যান, গ্রায়েম সোয়ান, জেমস অ্যান্ডারসন, ক্রিস ট্রেমলেট ও স্টিভেন ফিন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৫৫৭ ঘ.