ঢাকা, অগাস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের বাছাই পর্বে শীর্ষ স্থান দখল করেছে স্কটল্যান্ড। চূড়ান্ত পর্বে দলটির সঙ্গী হয়েছে নেপাল, আয়ারল্যান্ড, আফগানিস্তান, পাপুয়া নিউ গিনি ও নামিবিয়া।
নয় খেলার আটটিতে জিতেছে স্কটল্যান্ড। ৯ খেলায় দলটির সংগ্রহ ১৬ পয়েন্ট।
যুক্তরাষ্ট্রকে নিজেদের শেষ খেলায় ৯৯ রানে হারিয়ে নেপাল রয়েছে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে। ৯ খেলায় দলটির পয়েন্ট ১৪।
নিজেদের শেষ খেলায় পাপুয়া নিউ গিনির কাছে ৫ উইকেটে হার মানলেও তৃতীয় স্থানে থেকে চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছে বাছাই পর্বের স্বাগতিক দেশ আয়ারল্যান্ড। ৯ খেলায় দলটির সংগ্রহ ১২ পয়েন্ট। অন্য দিকে পাপুয়া নিউ গিনি সমান খেলায় ১০ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে থেকে চূড়ান্ত পর্বে উঠেছে।
সমান ১০ পয়েন্ট নিয়ে চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে আফগানিস্তানও। দলটি নিজেদের শেষ খেলায় আট উইকেটে হারায় কানাডাকে।
বাছাই পর্বে কঠিন সময় পার করা কেনিয়াকে ১০৯ রানে হারিয়ে শেষ দল হিসেবে চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছে নামিবিয়া। ৮ পয়েন্ট করে হলেও যুক্তরাষ্ট্র (-০.১১৮) ও কানাডাকে (-০.৩৫৫) রান রেটের ব্যবধানে টেক্কা দিয়েছে নামিবিয়া ( ০.৪৯৪)।
আগামী বছরের অগাস্টে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে হবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/১৭১৬ ঘ.
bdnews24