ঢাকা, অগাস্ট ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম তিনটি একদিনের ম্যাচের জন্য ঘোষিত ১৬ সদস্যের দলে জায়গা পেলেও প্রথম ম্যাচে নাও খেলতে পারেন শ্রীলঙ্কার পেসার লাসিথ মালিঙ্গা।
পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে বুধবার বাংলাদেশ সময় বিকেল ৩টায় খেলা শুরু হবে। সিরিজে পাঁচটি একদিনের ম্যাচ খেলবে শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়া।
শ্রীলঙ্কার ক্রিকেট নির্বাচক কমিটির চেয়ারম্যান দুলীপ মেন্ডিস বলেন, "১৬ সদস্যের দলে লাসিথ মালিঙ্গার নাম থাকলেও প্রথম ম্যাচে তাকে বিশ্রামে থাকার পরামর্শ দেয়া হয়েছে।"
তিনি বলেন, "দলের ফিজিও পরামর্শ অনুযায়ীই প্রথম ম্যাচে মালিঙ্গাকে বিশ্রাম দেয়া হচ্ছে। আমরা পরের খেলাগুলোর জন্য তাকে বিবেচনা করবো।"
সীতিম ওভারের ক্রিকেটে মনযোগ বাড়ানোর জন্য গত এপ্রিলে টেস্ট থেকে অবসর নিয়েছেন মালিঙ্গা। তবে চোট তার পিছু ছাড়ছে না। অস্ট্র্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টিতে চোটের কারণেই তার খেলা হয়নি। এখনো তার চিকিৎসা চলছে। তবে নেটে সুস্থতার প্রমাণ দিয়েই একদিনের দলে ফিরে এসেছেন।
দুলীপ এ সময় বলেন, "প্রথম তিন ম্যাচে খেলোয়াড়দের পারফরম্যান্স যাচাই করা হবে। প্রয়োজন পড়লে পরের দুই ম্যাচের জন্য খেলোয়াড় বদলও হতে পারে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৮৩০ ঘ.
bdnews24