ঢাকা, অগাস্ট ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিরিজের প্রথম দুই টেস্ট হারের পর এজবাস্টনে এক রকম পরীক্ষাই দিতে হবে ভারতকে।
বুধবার এজবাস্টনে বাংলাদেশ সময় বিকেল চারটায় ইংল্যান্ড ও ভারত তৃতীয় টেস্টে মাঠে নামবে।
এই টেস্ট হারলে ইংল্যান্ডের কাছে আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান হারাবে ভারত।
প্রথম দুই ম্যাচের বড় পরাজয় আর দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের চোট ভারতকে এজবাস্টন টেস্টে একটু পিছিয়ে রাখছে।
চোটের কারণে খেলা হচ্ছে না জহির খানের। তাই ভারতের পেস আক্রমণ অনেকটা ধার হারিয়েছে। সফরকারীদের অনভিজ্ঞ পেস আক্রমণের পক্ষে ছন্দে থাকা স্বাগতিক দলের ব্যাটসম্যানদের তাদের মাটিতে চেপে ধরা কঠিনই হবে।
ভারতের বর্তমান বোলিং লাইনআপে সবচেয়ে অভিজ্ঞ হচ্ছেন ইশান্ত শর্মা। সঙ্গে পাচ্ছেন প্রভিন কুমার ও শ্রীশান্থকে। তারা খুব খারাপ করছেন তা নয় কিন্তু টেস্ট জেতানোর বোলিং এখন পর্যন্ত তারা দেখাতে পারেন নি। হরভজন সিংয়ের অনুপস্থিতিও দলটির বোলিং আক্রমণের ধার কমিয়েছে।
ছন্দে নেই ভারতের অধিকাংশ ব্যাটসম্যান। সবে দেশ থেকে এলেন বীরেন্দর শেবাগ। চোট কাটিয়ে ফিরেই কতটা কী করতে পারবেন সেও প্রশ্ন সাপেক্ষ। নিজের সেরাটা খুঁজছেন অন্য উদ্বোধনী ব্যাটসম্যান গৌতম গম্ভির।
প্রস্তুতি ম্যাচে শতরান পেলেও শেবাগ-গম্ভির খেললে বাদ পড়তে পারেন অভিনব মুকুন্দ। ছন্দে নেই শচীন টেন্ডুলকার, মহেন্দ্র সিং ধোনি ও সুরেশ রায়না।
প্রায় একাই খেলে চলেছেন রাহুল দ্রাবিড়। দুই ম্যাচে তুলে নিয়েছেন দুটি শতক। দলের বড় পরাজয় রুখতে না পারলেও নিজের সেরা ক্রিকেটটাই খেলছেন দ্রাবিড়। মাঝে মধ্যে তাকে সঙ্গ দিচ্ছেন ভিভিএস লক্ষ্মণ।
অন্যদিকে অ্যালিস্টার কুক ছাড়া অন্য ব্যাটসম্যানদের নিয়ে স্বাগতিক দলের অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউসের তেমন কোনো দুশ্চিন্ত নেই। অ্যাশেজে দারুণ খেলা কুক যেন নিজের ছায়া হয়ে আছেন। তবে কেভিন পিটারসেন, ইয়ান বেল, ম্যাট প্রায়রের ব্যাট ঠিকই আলো ছড়াচ্ছে। চোটের কারণে জনাথন ট্রট না খেলায় দলটির ব্যাটিং লাইন আপে পরিবর্তন আসতে পারে। ইয়ান বেল খেলতে পারেন তিন নম্বরে। ট্রটের বদলে ডাক পাওয়া বোপারা খেলতে পারেন মিডল অর্ডারে।
ইংল্যান্ডের বোলাররাও তাদের সেরা সময় পার করছেন। প্রতিটি ইনিংসে কেউ না কেউ প্রতিপক্ষকে গুড়িয়ে দিচ্ছেন। জেমস অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রড, টিম ব্রেসন্যান ও গ্রায়েম সোয়ানের বিপক্ষে তৃতীয় টেস্টেও স্বত্বিতে থাকবে না সফরকারী দলের ব্যাটসম্যানরা।
ব্রড ও ব্রেসন্যান ট্রেন্টব্রিজে দ্বিতীয় টেস্টে বল ও ব্যাট হাতে আলো ছড়িয়েছেন। তাদের আলরাউন্ড পারফরম্যান্সের জবাব জানা ছিল না ভারতের।
সব মিলিয়ে তৃতীয় টেস্টে এগিয়ে থেকেই মাঠে নামবে ইংল্যান্ড। কিন্তু প্রথম দুই ম্যাচ হেরে তেতে থাকা ভারতও ছাড় দেবে না। আর প্রশ্ন যখন টেস্ট র্যাঙ্কিংয়ের শ্রেষ্ঠত্ব ধরে রাখা নিয়ে তখন আরো জোর লড়াই করবে সফরকারীরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৭৫৬ ঘ.
bdnews24