২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সীমিত ওভারের ক্রিকেট ছাড়ছেন দ্রাবিড়

ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি ও একদিনের সিরিজ খেলার পর সীমিত ওভারের ক্রিকেট থেকে বিদায় নেবেন বলে ঘোষণা দিয়েছেন রাহুল দ্রাবিড়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2011, 09:57 AM

Updated : 24 Aug 2022, 03:43 PM

ঢাকা, অগাস্ট ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি ও একদিনের সিরিজ খেলার পর সীমিত ওভারের ক্রিকেট থেকে বিদায় নেবেন বলে ঘোষণা দিয়েছেন রাহুল দ্রাবিড়। টেস্ট খেলার ওপর আরো বেশি মনোযোগ দেয়ার জন্যই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান। সবাইকে বিস্মিত করে দু'বছর পর সীমিত ওভারের দলে ডাক পাওয়ার কয়েক ঘন্টার মধ্যেই এ ঘোষণা দেন রাহুল। বলেন, "সীমিত ওভারের দলে আবার যে ডাকা হতে পারে তা তার ভাবনাতেই ছিল না।" ৩৩৯ খেলায় ৩৯.৪৩ গড়ে ১০,৭৫৬ রান নিয়ে ৩৮ বছর বয়সী দ্রাবিড় একদিনের ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় আছেন সাত নম্বরে। শচীন টেন্ডুলকার ৪৫৩ ম্যাচে ১৮,১১১ রান নিয়ে রয়েছেন শীর্ষে। গত দশকের বেশিরভাগ সময় একদিনের দলে ছিলেন দ্রাবিড়। ২০০৭ সালে ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপে দলের নেতৃত্ব ছিল তারই হাতে। ওই বছরই অস্ট্রেলিয়ার বিপক্ষে খারাপ খেলায় বাদ পড়েন দল থেকে। এরপর ডাক পান ২০০৯ সালে দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়ন্স ট্রফির দলে। কিন্তু খেলতে পারেননি ছয় ম্যাচের বেশি। প্রতিযোগিতা থেকে আগেভাগে বিদায় নেয়ায় কপাল পোড়ে তার। এবারের বিশ্বকাপ দলে দ্রাবিড়কে নেয়ার কথা বিবেচনাই করা হয়নি। কিন্তু টেস্টে ভালো ব্যাটিং উপহার দিয়ে যেতে থাকেন তিনি। পাঁচ খেলায় শতক হাঁকান তিনটি। নর্দাম্পটনশায়ারের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ শেষে দ্রাবিড় বলেন, "গত দুই বছর আমাকে সীমিত ওভারের দলে নেয়া হয়নি। সে কারণে আমি খানিকটা বিস্মিত।" তিনি বলেন, "সত্যি বলতে কী, দলে না নেয়ায় নির্বাচক বা বোর্ডকে জানাইনি যে শুধু টেস্ট ক্রিকেটের উপর মনোযোগ দিতে চাই। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের পর আমি টি-টোয়েন্টি ও একদিনের ক্রিকেট থেকে অবসর নিতে চাই। মনোযোগ দিতে চাই শুধু টেস্ট ক্রিকেটের উপর।" "আমি দেশকে আমার সেরাটাই দিতে চাই। আসছে একদিনের সিরিজ এবং টেস্ট সিরিজের বাকি অংশেও নিজেকে উজাড় করে দেবো," যোগ করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিএ/টিআর/১৫৫০ ঘ.