ঢাকা, অগাস্ট ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নর্দাম্পটনের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচের প্রথম দিন শেষে প্রথম পালায় ৭ উইকেটে ৩২৭ রান করেছে ভারত।
শতক পেয়েছেন তিন নম্বরে ব্যাট করতে নামা অভিনব মুকুন্দ। ১১৩ রান করার পর তিনি অবসরে চলে যান।
তবে প্রস্তুতি ম্যাচের প্রথম দিন শেষে মনে হচ্ছে ভারতের সংকট কাটেনি। ম্যাচের দুই উদ্বোধনী ব্যাটসম্যান গৌতম গম্ভির ও বিরেন্দর শেবাগ কেউই সুবিধা করতে পারেননি।
কাঁধে অস্ত্রোপচারের কারণে আইপিএলের পর এই প্রথম মাঠে নামেন শেবাগ। তবে মাত্র ৮ রান করে ডেভ বুরটনের বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন তিনি। গম্ভিরও এলবিডব্লিউর ফাঁদেই ধরা পড়েন। তিনি করেন ১৮ রান।
ফলে উদ্বোধোনী জুটি নিয়ে ভারতের সমস্যার কোনো সমাধান হলো না। সেই সঙ্গে বার্মিংহামে তৃতীয় টেস্টে শেবাগের মাঠে নামা নিয়ে অনিশ্চিয়তাও কাটলো না। যদিও তৃতীয় টেস্টে গম্ভিরের খেলার বিষয়টি আগেই নিশ্চিত করেছেন ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।
মাত্র এক রানের জন্য অর্ধশতক বঞ্চিত হন ভিভিএস লক্ষ্মণ। সুরেশ রায়না করেন ৩৩ রান। তবে ধোনি এই ম্যাচেও ব্যর্থ হন। করেন মাত্র ২ রান। ফলে মিডিল-অর্ডার নিয়েও সমস্যা থেকেই গেল ভারতের।
এই ম্যাচে মাঠে নেমেছেন জহির খান। যদিও এখনো বল হাতে নেয়ার সুযোগ পাননি। ব্যাট হাতে করেন ১২ রান।
হরভজন সিং এর চোটের কারণে ভাগ্য খুলে যেতে পারে অমিত মিশ্রর। বার্মিংহাম টেস্টে মূল একাদশে জায়গা পেয়ে যেতে পারেন তিনি। তবে লড়াই করেই জায়গা নিতে হতে পারে তাকে। কারণ প্রজ্ঞান ওঝাকেও ইংল্যান্ডে ডেকে নিয়েছে ভারত। তবে ব্যাট হাতে মিশ্রর অপরাজিত ৪৮ রান দলে ঢোকার লড়াইয়ে তাকে বেশ খানিকটা এগিয়ে দিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএনএম/১৪৩৭ ঘ.
bdnews24