২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের সমালোচনায় সৌরভ গাঙ্গুলি

সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি মনে করছেন ইংল্যান্ড সফরের আগে পূর্ণ প্রস্তুতি নেয়নি ভারত। এ কারণে দলটির কড়া সমালোচনা করেছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2011, 09:57 AM

Updated : 24 Aug 2022, 03:41 PM

ঢাকা, অগাস্ট ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি মনে করছেন ইংল্যান্ড সফরের আগে পূর্ণ প্রস্তুতি নেয়নি ভারত। এ কারণে দলটির কড়া সমালোচনা করেছেন তিনি। একই সঙ্গে ব্যাটসম্যানদের 'বলের লাইন বারাবর দাঁড়িয়ে' খেলার পরামর্শ দিয়েছেন তিনি। চার ম্যাচের টেস্ট সিরিজের প্রথম দুটিতে হেরে এরই মধ্যে ২-০ ব্যবধানে পিছিয়ে আছে ভারত। লর্ডসে প্রথম টেস্ট ১৯৬ রানে ও ট্রেন্টব্রিজে দ্বিতীয় টেস্ট ৩১৯ রানে হেরেছে আইসিসির টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দলটি। বার্মিংহামে ১০ অগাস্ট তৃতীয় টেস্ট শুরু হবে। টেস্টে এখন পর্যন্ত ভারতের সবচেয়ে সফল অধিনায়ক গাঙ্গুলি (তার নেতৃত্বে ২১টি টেস্ট জিতেছে ভারত) মনে করেন, ইংল্যান্ড সফরের আগে ভারতের প্রস্তুতি মোটেও যথেষ্ট ছিলো না। এরকম একটি গুরুত্বপূর্ণ সিরিজের আগে মাত্র একটি প্রস্তুতি ম্যাচ খেলেছে ভারত। গাঙ্গুলি বিবিসি স্পোর্টসকে বলেন, "আমি এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি কোনো সফরে টেস্ট সিরিজ শুরুর আগে কমপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলা উচিৎ। আর তারা চাইলেই আরো একটি প্রস্তুতি ম্যাচ খেলতে পারতো।" "তারা খুবই সাধারণ খেলছে। আমি এই দলের কাছে আরো বেশি আশা করেছিলাম। বিশেষ করে ২০০২ ও ২০০৭ সালে ভারত এখানে যেভাবে খেলেছে তাদের সেই ধারাটা বজায় রাখা উচিৎ ছিলো," যোগ করেন গাঙ্গুলি। দলের ব্যাটসম্যানদের মূল্যায়ন করতে গিয়ে গাঙ্গুলি বলেন, "শচীন টেন্ডুলকার এখনো নিজেকে চেনাতে পারেননি, ভিভিএস লক্ষ্মণ ভাল-মন্দ মিশেলে খেলছেন, উদ্বোধনী ব্যাটসম্যানদের রানের জন্য লড়াই করতে হচ্ছে, একমাত্র রাহুল দ্রাবিড় ভালো খেলছেন।" তিনি বলেন, "যখন লক্ষ্য ৫০০ রান হয় এবং ম্যাচ হাত থেকে বেরিয়ে যায় তখন নিজেকে ছাড়িয়ে গিয়ে খেলতে হয়। তারা সেটা করতে পারেনি। কিন্তু এখনো হাতে দু'টি ম্যাচ আছে। আশাকরি তারা ঘুরে দাঁড়াতে পারবে। আমি জানি তারা পারবে। কিন্তু এজন্য তাদের অবিচল হতে হবে এবং বলের লাইন বরাবর দাঁড়িয়ে খেলতে হবে।" সিরিজে আর একটি ম্যাচ জিতলেই ভারতকে হটিয়ে টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে যাবে ইংল্যান্ড। এই সম্পর্কে গাঙ্গুলি বলেন, "র‌্যাঙ্কিংয়ে আমার খুব একটা আস্থা নেই। আমি সত্যিই জানি না ভারত এক নম্বর দল কিনা। তবে এক নম্বর হতে হলে আপনাকে অবশ্যই ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মাটিতে জিততে হবে।" সিরিজ জিতে ভারতকে হটিয়ে শীর্ষস্থানে উঠলে তা ইংল্যান্ডের পাওনা বলেই মনে করেন গাঙ্গুলি। বলেন, "এটা এমন একটা সিরিজ যেখানে দুই দলেরই এক নম্বর হওয়ার সম্ভাবনা আছে। যদিও ইংল্যান্ড সিরিজ জিতে তবে তো সেটা তাদের পাওনা।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএনএম/১৫৩৫ ঘ.