ঢাকা, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - হট স্পট প্রযুক্তির গ্রহণযোগ্যতা নিয়ে ইংল্যান্ড প্রশ্ন তোলায় তা পুনরায় পরীক্ষা-নিরীক্ষা করা সিদ্ধান্ত নেয়া হয়েছে।
ধারণা কার হচ্ছে ব্যাটের কানায় বাড়তি কিছুর প্রলেপ হক-আইকে ধোকা দিতে সক্ষম।
খেলোয়াড়রা অনেকে বিশ্বাস করেন ব্যাটের কানায় ভ্যাসলীন মাখলে হক-আইতে সুক্ষ্ম চিড় বোঝা যায় না। অনেকেই এই কৌশল অবলম্বন করেন বলেও গুজব রয়েছে।
যদিও হট স্পটের মালিক ওয়ারেন ব্রেনান আগে বলেছিলেন, এই প্রযুক্তি শতকরা ৯০ থেকে ৯৫ ভাগের মত সঠিক সিদ্ধান্ত নিতে পারে। তবে এখন তিনি বলছেন ভ্যাসলীন বা ওই জাতীয় পদার্থ তার প্রযুক্তির কর্যক্ষমতায় প্রভাব ফেলতে পারে। পরীক্ষা-নিরীক্ষা করে বিষয়টি সম্পর্কে নিশ্চিত হতে চান তিনি।
ইএসপিএনক্রিকইনফোকে ব্রেনান বলেন, "আমার মনে হয় ভ্যাসলীনের কারণে ব্যাটের সঙ্গে বলের ঘর্ষণের দাগ নাও দেখা যেতে পারে। যদি আপনি দাগ মুছে ফেলতে পারেন তবে তো আপনি হট স্পটও সরিয়ে ফেলতে যাচ্ছেন। এটা পদার্থবিদ্যার সহজ ও সাধারণ প্রয়োগ। আমার যতদূর মনে পড়ে বেশির ভাগ ক্ষেত্রেই ব্যাটের বাইরের দিকে কোনো কিছুর স্তর থাকে।"
হট স্পট প্রযুক্তি নিয়ে ঝামেলার শুরু হয় ট্রেন্ট ব্রিজ টেস্টের দ্বিতীয় দিন সকালে। ভিভিএস লক্ষ্মণের বিপক্ষে উইকেটের পেছনে ক্যাচের জোরালো আবেদন করে ইংল্যান্ড। আম্পায়ার আসাদ রউফ তা নাকচ করে দেন। কিন্তু বোলার জেমস অ্যান্ডারসন ও স্লিপের ফিল্ডাররা ইংলিশ অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউসকে আশ্বস্ত করেন যে বল লক্ষ্মণের ব্যাট কানায় ছুঁয়েই ম্যাট প্রায়রের হাতে জমা পড়েছে। ফলে 'রিভিউ' চান স্ট্রাউস।
যদিও লক্ষ্মণ বলেন বল তার ব্যাটে লাগেনি।
হট স্পট ক্যামেরায় ব্যাটের উপর কোনো সাদা দাগ না পড়ায় রউফের সিদ্ধান্তই বহাল রাখেন তৃতীয় আম্পায়ার বিলি বাউডেন। যদিও বাউডেন বলেন, তিনি একটা শব্দ পেয়েছিলেন। কিন্তু ওটা কোথা থেকে আসছিলো তা নিশ্চিত হতে পারেননি তিনি। তাই ওটা তার কাছে আম্পায়ারের সিদ্ধান্ত পরিবর্তন করার মত যথেষ্ট মনে হয়নি।
ওই ঘটনার পর তর্কে জড়িয়ে পড়েন লক্ষ্মণ ও কেভিন পিটারসেন। যদিও অল্পেই তা থেমে যায়।
কিন্তু দিন শেষে স্টুয়ার্ট ব্রডের মন্তব্য ওই ঘটনাকে উসকে দেয়। ব্রড বলেন, "আমরা জানি বিষয়টি খুবই পরিষ্কার ছিলো। কিন্তু হট স্পট সেটা দেখাতে পারেনি। আমার মনে হয় ব্যাটের কানায় একটা চিড় দেখা গিয়েছিলো। প্রশ্ন হচ্ছে কিসের আঘাতে ওটা হলো।"
ভারতের ইংল্যান্ড সফরে উভয় দলের সম্মতিতেই সংশোধিত আকারে আম্পায়ারের সিদ্ধান্ত পর্যালোচনা পদ্ধতি (ডিআরএস) ব্যবহার করা হচ্ছে। সংশোধিত ডিআরএসে বল-ট্রাকিং প্রযুক্তি বাদ দিয়ে শুধু হক-আই প্রযুক্তি ব্যবহার হচ্ছে। ফলে ক্যাচের ক্ষেত্রেই কেবমাত্র ডিআরএস ব্যবহার করা যাচ্ছে।
বল ট্রাকিং প্রযুক্তি না থাকায় এলবিডব্লিউর ক্ষেত্রে ডিআরএস ব্যবহার করা যাচ্ছে না।
যদিও এলবিডব্লিউর বেশ কিছু সিদ্ধান্ত নিয়ে দুই দলের খেলোয়াড়দের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।
ইংল্যান্ড পূর্ণ ডিআরএস ব্যবহারের পক্ষে থাকলেও বল-ট্রাকিং প্রযুক্তি ব্যবহারে রাজি হয়নি ভারত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/২১০৬ ঘ.
bdnews24