ঢাকা, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আম্পায়ারের সিদ্ধান্ত পর্যালোচনা পদ্ধতি পুরোপুরিভাবে (ডিআরএস) ব্যবহার না করা নিয়ে ভারতের একগুঁয়েমি বিতর্কের জন্ম দেবে বলে মনে করছেন ইংল্যান্ড কোচ অ্যান্ডি ফ্লাওয়ার।
তিনি বলেন, ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ শেষ হওয়া মাত্র এ ব্যাপারে বিতর্কের ঝড় উঠবে।
সংশোধিত আকারে ডিআরএস ব্যবহার করায় সিরিজের বাকি তিনটি টেস্ট নিয়ে সমস্যা দেখা দিতে পারে। এ কারণে এরই মধ্যে উদ্বেগ প্রকাশ করেছে ফ্লাওয়ারের দল।
সিরিজে পুরোপুরিভাবে ডিআরএস ব্যবহার করা হচ্ছে না। বাদ দেয়া হয়েছে এলবিডব্লিউয়ের সিদ্ধান্ত যাচাই করে দেখার বিষয়টি।
লর্ডস টেস্টে শচীন টেন্ডুলকার ও সুরেশ রায়নার বিপক্ষে স্টুয়ার্ট ব্রডের এলবিডব্লিউয়ের আবেদন নাকচ করে দেন আম্পায়ার বিলি বাউডেন। কিন্তু টেলিভিশন-রিপ্লেতে দেখা যায়, আম্পায়ারের সিদ্ধান্ত সঠিক ছিল না। খেলায় ইংল্যান্ড জেতে ১৯৬ রানে।
বাউডেনের সিদ্ধান্তে সন্তুষ্ট নন ফ্লাওয়ার। এ ধরনের সিদ্ধান্ত পরের খেলাগুলোতে সমস্যার সৃষ্টি করতে পারে বলে শঙ্কা প্রকাশ করেন তিনি।
ইংল্যান্ড কোচ বলেন, "এ ধরণের সিদ্ধান্তের ফলে খেলার ফলাফল প্রভাবিত হলে তা নেতিবাচক প্রতিক্রিয়ার সৃষ্টি করবে। এভাবেই যে অসন্তোষের জন্ম হবে, তাতে কোনো সন্দেহ নেই।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৯০৩ ঘ.
bdnews24