২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইংল্যান্ডকে লড়াইয়ে রাখলেন ব্রড

ট্রেন্টব্রিজে পেসারদের দিনে ইংল্যান্ডকে লড়াইয়ে রেখেছেন স্টুয়ার্ট ব্রড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2011, 11:50 AM

Updated : 24 Aug 2022, 03:39 PM

ঢাকা, জুলাই ২৯ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ট্রেন্টব্রিজে পেসারদের দিনে ইংল্যান্ডকে লড়াইয়ে রেখেছেন স্টুয়ার্ট ব্রড। নয় নম্বর ব্যাটসম্যান ব্রডের অর্ধশতকের পরও ২২১ রানে গুটিয়ে যায় স্বাগতিকদের প্রথম পালা। জবাবে নিজেদের প্রথম পালায় ভারত ১ উইকেটে ২৪ রান করে। এক প্রান্তে রাহুল দ্রাবিড় ৭ ও অন্য প্রান্তে ভিভিএস লক্ষ্মণ ১৩ রানে ব্যাট করছেন। প্রথম দিন শেষে ৯ উইকেট হাতে নিয়ে ভারত এখনো ১৯৭ রানে পিছিয়ে। সুইং বোলিংয়ের স্বর্গ ট্রেন্টব্রিজে ব্যাট করতে নেমে প্রথম বলেই অভিনব মুকুন্দকে হারায় ভারত। এই টেস্টে তিনিই ভারতের একমাত্র নিয়মিত উদ্বোধনী ব্যাটসম্যান। তবে দ্বিতীয় উইকেটে দ্রাবিড় ও লক্ষ্মণের সতর্ক ব্যাটিং স্বাগতিক দলের বোলারদের একরাশ হতাশা উপহার দেয়। ইংল্যান্ডের পক্ষে জেমস অ্যান্ডারসন ১০ রানে এক উইকেট নেন। ভারতের নিয়মিত দুই উদ্বোধনী ব্যাটসম্যান গৌতম গম্ভির ও বীরেন্দর শেবাগ কেউই এই টেস্ট খেলছেন না। চোটের কারণে খেলছেন না জহির খানও। তার পরও প্রভিন কুমার, ইশান্ত শর্মা ও শ্রীশান্থ সফরকারীদের প্রথম দিন এগিয়েই রেখেছেন। গম্ভিরের বদলে যুবরাজ সিং ও জহিরের বদলে শ্রীশান্থ খেলছেন। অন্যদিকে ইংল্যান্ড দলে ক্রিস ট্রেমলেটের বদলে খেলছেন টিম ব্রেসন্যান। চার ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয়টিতে শুক্রবার টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ব্যাট করতে নেমে ইংল্যান্ডের শুরুটা মোটেও ভালো হয়নি। মাত্র ৭ রানের মাথায় উদ্বোধনী ব্যাটসম্যান অ্যালিস্টার কুককে (২) হারায় তারা। এর পর থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে দলটি। এক পর্যায়ে ১২৪ রানে সাজঘরে ফিরে যান দলের প্রথম ৮ ব্যাটসম্যান। এর মধ্যে ৪ জনের ব্যাট থেকে আসে সাকুল্যে ৭ রান। উইকেটে সেট হয়েও নিজেদের ইনিংস বড় করতে পারেন নি অ্যান্ড্রু স্ট্রাউস ৩২, ইয়ান বেল ৩১ ও কেভিন পিটারসেন ২৯। দলীয় ১২৪ রানের মাথায় অষ্টম ব্যাটসম্যান হিসেবে বেল বিদায় নেয়ার পর ব্রড ও গ্রায়েম সোয়ান ৭৩ রানের জুটি গড়ে দলকে আরো বড় বিপদের হাত থেকে রক্ষা করেন। দলীয় ১৯৭ রানের মাথায় সোয়ান (২৮) বিদায় নিলে একা হয়ে পড়েন ব্রড। শেষ ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরার আগে ব্রড করেন ৬৪ রান। এটি তার অষ্টম অর্ধশতক। লর্ডসে বল, ব্যাট হাতে আলো ছড়ানোর পর এবার ট্রেন্টব্রিজেও দলকে লড়াই করার মতো একটা পুঁজি গড়ে দেন তিনি। ভারতের পক্ষে প্রভিন, ইশান্ত ও শ্রীশান্থ ৩টি করে উইকেট নেন। এ জন্য প্রভিন দেন ৪৫ রান। ইশান্ত ৬৬। শ্রীশান্থ ৭৭। এর আগে লর্ডস টেস্ট হেরে সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে আছে ভারত। ১০ অগাস্ট বার্মিংহামে তৃতীয় টেস্ট শুরু হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২৩৪৮ ঘ.