ঢাকা, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্ব রেকর্ড গড়া হলো না ভারতের। লর্ডসে প্রথম টেস্টে ইংল্যান্ডের কাছে তারা হেরেছে ১৯৬ রানে।
শেষ দিন জেতার জন্য ভারতের প্রয়োজন ছিল ৩৭৮ রান। হাতে ছিল ৯ উইকেট। কিন্তু শেষ পর্যন্ত ২৬১ রানে গুটিয়ে যায় আইসিসির টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষ দল ভারত।
এ জয়ের ফলে চার ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ইংল্যান্ড।
স্বাগতিকরা নিজেদের দুই পালাই ঘোষণা করে জয়ের জন্য ভারতকে ৪৫৮ রানের লক্ষ্য ছুঁড়ে দেয়।
১ উইকেটে ৮০ রান নিয়ে ভারত পঞ্চম দিন শুরু করে। শুরুতেই প্রথম পালায় শতরান করা দ্রাবিড়কে (৩৬) ফিরিয়ে দিয়ে ইংল্যান্ডকে ভালো সূচনা এনে দেন জেমস অ্যান্ডারসন। এর পর থেকে ভারত নিয়মিত বিরতিতে উইকেট হারায়।
উইকেটে সেট হয়েও নিজেদের ইনিংস বড় করতে পারেন নি ভিভিএস লক্ষ্মণ ও সুরেশ রায়না। লক্ষ্মণ তৃতীয় ব্যাটসম্যান হিসেবে বিদায় নেয়ার আগে করেন ৫৬ রান।
দলীয় ২৬০ রানের মাথায় নবম ব্যাটসম্যান হিসেবে বিদায় নেন রায়না (৭৮)। তিনি তার ১৩৬ বলের ইনিংসটি সাজান ১০টি চার দিয়ে।
এছাড়া গৌতম গম্ভির ২২ ও মহেন্দ্র সিং ধোনি ১৬ রান করেন।
ইংল্যান্ডের পক্ষে অ্যান্ডারসন ৫ উইকেট নেন ৬৫ রানে। এনিয়ে এগারোবার ইনিংসে ৫ উইকেট নিলেন তিনি। এছাড়া স্টুয়ার্ট ব্রড ৫৭ রানে নেন ৩ উইকেট।
নিজেদের প্রথম পালায় ইংল্যান্ড ৮ উইকেটে ৪৭৪ রান করে ইনিংস ঘোষণা করে। জবাবে ভারত করে ২৮৬ রান। নিজেদের দ্বিতীয় পালা ঘোষণা করার আগে ইংল্যান্ড ৬ উইকেটে করে ২৬৯ রান।
সব মিলিয়ে দ্বিতীয় পালায় স্বাগতিকরা ৪৫৭ রানে এগিয়ে থাকে। এর আগে প্রথম পালায় ১৮৮ রানের লিড পায় দলটি।
এর আগে ইংল্যান্ডের প্রথম পালায় ম্যাচ সেরা কেভিন পিটারসেন ২০২ রানে অপরাজিত থাকেন। ভারতের পক্ষে প্রভিন কুমার ৫ উইকেট নেন ১০৬ রানে। ভারতের প্রথম পালায় রাহুল দ্রাবিড় ১০৩ রানে অপরাজিত থাকেন। স্টুয়ার্ট ব্রড ৪ উইকেট নেন ৩৭ রানে।
ইংল্যান্ডের দ্বিতীয় পালায় ম্যাট প্রায়র ১০৩ রানে অপরাজিত থাকেন। ভারতের পক্ষে ইশান্ত শর্মা ৪ উইকেট নেন ৫৯ রানে।
এটি ছিল দুই দেশের মধ্যকার শততম টেস্ট ম্যাচ। আর সব মিলিয়ে ২০০০ তম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২৩৩১ ঘ.
bdnews24