ঢাকা, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - লর্ডসে প্রথম টেস্ট জিততে হলে বিশ্ব রেকর্ড গড়তে হবে ভারতের। জয়ের জন্য শেষ দিন আরো ৩৭৮ রান করতে হবে ভারতকে। হাতে রয়েছে ৯ উইকেট।
ইংল্যান্ড নিজেদের দুই পালাই ঘোষণা করে জয়ের জন্য ভারতকে চতুর্থ পালায় ৪৫৮ রানের লক্ষ্য ছুঁড়ে দেয়।
জবাবে নিজেদের দ্বিতীয় পালায় ভারত চতুর্থ দিন শেষে ১ উইকেটে ৮০ রান করেছে। এক প্রান্তে রাহুল দ্রাবিড় ৩৪ ও অন্য প্রান্তে ভিভিএস লক্ষ্মণ ৩২ রানে ব্যাট করছেন। দলীয় ১৯ রানের মাথায় উদ্বোধনী ব্যাটসম্যান অভিনব মুকুন্দ (১৯) বিদায় নেয়ার পর দ্রাবিড় ও লক্ষ্মণ ৬১ রান যোগ করেন।
কনুই এর এক্স-রে করাতে হাসপাতালে গেছেন গৌতম গম্ভির। তার বদলে ভারতের পালা উদ্বোধন করতে নামেন দ্রাবিড়। অন্যদিকে মাঠে ফিরেছেন শচীন টেন্ডুলকার। তবে নিয়মানুয়ায়ী ভারতের ব্যাটিং ৪ ঘন্টা সময় না কাটানো পর্যন্ত কিংবা ৫ উইকেটের পতন ঘটার আগ পর্যন্ত ব্যাটিংয়ে নামতে পারবেন না তিনি।
ইংল্যান্ডের পক্ষে স্টুয়ার্ট ব্রড ১ উইকেট নেন ১২ রানে।
নিজেদের প্রথম পালায় ইংল্যান্ড ৮ উইকেটে ৪৭৪ রান করে ইনিংস ঘোষণা করে। জবাবে ভারত করে ২৮৬ রান। নিজেদের দ্বিতীয় পালা ঘোষণা করার আগে ইংল্যান্ড ৬ উইকেটে করে ২৬৯ রান।
সব মিলিয়ে দ্বিতীয় পালায় স্বাগতিকরা ৪৫৭ রানে এগিয়ে থাকে। এর আগে প্রথম পালায় ১৮৮ রানের লিড পায় দলটি।
টেস্টে ৪র্থ ইনিংসে সর্বোচ্চ ৪১৮ রানের লক্ষ্য তাড়া করে জেতার রেকর্ড ওয়েস্ট ইন্ডিজের। ২০০৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩ উইকেটের জয়ে ভারতের কাছ কােেছ ক ওই রেকর্ড কেড়ে নেয় তারা। ১৯৭৬ সালে ভারত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪ উইকেটে ৪০৬ রান করে চর্তু ইনিংসে সর্বোচ্চ রান তাড়া করে টেস্ট জেতার বিশ্ব রেকর্ড গড়ে।
দ্বিতীয় পালায় ৬২ রানে ৫ উইকেট হারিয়ে বেশ বিপদে পড়া স্বাগতিকদের টেনে তুলেন ম্যাট প্রায়র। শেষ পর্যন্ত ১০৩ রানে অপরাজিত থাকেন তিনি। এটি তার ষষ্ঠ শতক। তিনি তার ১২০ বলের ইনিংস সাজানটি ৫টি চার ও ১টি ছয় দিয়ে।
ষষ্ঠ উইকেটে ইয়ন মর্গান ও প্রায়র ৪৫ রান যোগ করে প্রাথমিক প্রতিরোধ গড়ে তুলেন। কিন্তু দলীয় ১০৭ রানের মাথায় মর্গান (১৯) সাজঘরের পথ ধরলে স্বাগতিকদের উপর চাপ আরো বাড়ে।
কিন্তু অসমাপ্ত সপ্তম উইকেটে জুটিতে প্রায়র ও স্টুয়ার্ট ব্রড ১৬২ রান যোগ করে দলকে বেশ সুবিধাজনক অবস্থানে নিয়ে আসেন। এ রান করতে তারা খেলেন ২৭ ওভার ৪ বল। চা-বিরতির পর দুজন রীতিমত সংহারমূর্তি ধারণ করেন। এ সময় ১২ ওভারে তুলেন ৯৫ রান। ব্রড শেষ পর্যন্ত ৭৪ রানে অপরাজিত ছিলেন। তার ৯০ বলের ইনিংসে ৯টি চার রয়েছে।
লর্ডসে চতুর্থ দিন কোনো উইকেট না হারিয়ে ৫ রান নিয়ে দ্বিতীয় পালা শুরু করে ইংল্যান্ড। দিনের শুরুতে রান তুলতে লড়াই করতে হয়েছে ইংল্যান্ডের ব্যাটসম্যানদের।
হ্যামস্ট্রিং চোটের কারণে জহির খানের অনুপস্থিতি সত্ত্বেও ইংল্যান্ডকে চেপে ধরে সফরকারী ভারত। সজঘরে ফিরে যাওয়া প্রথম ৫ ব্যাটসম্যানের তিনজনের ব্যাট থেকে আসে সব মিলিয়ে ২ রান।
এছাড়া অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস ৩২ ও জনাথন ট্রট ২২ রান করেন।
মধ্যাহ্ন-বিরতিতে যাওয়ার আগে রীতিমত আগুন ঝরানো বল করেন প্রথম পালায় অনুজ্জ্বল ইশান্ত শর্মা। এ সময় তার বোলিং ফিগার ৫-৩-৪-৩! মূলত ইশান্তই নেতৃত্ব দেন ভারতের ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে। তবে শেষ রক্ষা হয়নি। ইংল্যান্ড উল্টো রানের পাহাড়ে ভারতকে চাপা দিয়ে বসে আছে চালকের আসনে।
দলের পক্ষে ইশান্ত ৪ উইকেট নিয়েছেন ৫৯ রানে। এছাড়া প্রভিন কুমার ও হরভজন সিং একটি করে উইকেট নেন।
এর আগে ইংল্যান্ডের প্রথম পালায় কেভিন পিটারসেন ২০২ রানে অপরাজিত থাকেন। ভারতের পক্ষে প্রভিন কুমার ৫ উইকেট নেন ১০৬ রানে। ভারতের প্রথম পালায় রাহুল দ্রাবিড় ১০৩ রানে অপরাজিত থাকেন। স্টুয়ার্ট ব্রড ৪ উইকেট নেন ৩৭ রানে।
বৃহস্পতিবার টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।
ইংল্যান্ড সফরের স্বাগতিকদের সঙ্গে চারটি টেস্ট খেলবে আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষ দল ভারত। লর্ডসের প্রথম টেস্ট দুই দেশের মধ্যকার শততম টেস্ট ম্যাচ। এছাড়াও সব মিলেয়ে এটি ২০০০ তম টেস্ট ম্যাচ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/০০১৩ ঘ.
bdnews24