ঢাকা, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জিম্বাবুয়ে সফরে পেসাররা ভালো করবেন বলে আশা করছেন সহকারী কোচ সারোয়ার ইমরান। তবে স্পিনারদেরও পিছিয়ে রাখছেন না তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে রোববার তিনি বলেন, প্রস্তুতি ম্যাচ মরা পিচে খেলা হলেও জাতীয় দলের চার পেসার ভালো বল করছেন। পেস-সহায়ক পিচে তারা আরো ভালো করবেন বলে তিনি মনে করেন।
সারোয়ার বলেন, অধিনায়ক সাকিব আল হাসানের নেতৃত্বাধীন স্পিন আক্রমণ যথেষ্ট শক্তিশালী। এছাড়া তাকে সহায়তা করার জন্য আছেন আব্দুর রাজ্জাক। টেস্টে তাদের ভালো করার কথা।
প্রস্তুতি খেলায় জিপি-বিসিবি একাডেমি দলের ব্যাটসম্যানরা রাজ্জাককে যে বেশ সাবলীলভাবে খেলেছেন, সে কথা মনে করিয়ে দিলে সারোয়ার বলেন, রাজ্জাক ৩ উইকেট নিয়েছেন। ব্যাটসম্যানদের বেঁধে রাখতে নয়, উইকেট নেয়ার জন্য বল করেন তিনি।
খেলায় রাজ্জাক ১৮ ওভার বল করে ৮২ রান দিয়ে ৩ উইকেট নেন। এর মধ্যে ৩ ওভারে কোনো রান দেননি।
ছুটিতেও অনুশীলন করবেন সাকিব, তামিম
রোববার থেকে তিন দিনের ছুটি পেয়েছেন ক্রিকেটাররা। তবে সোমবার ঐচ্ছিক অনুশীলন রয়েছে। সাকিব আল হাসান ও সহ-অধিনায়ক তামিম ইকবাল ছুটির দিনগুলোতে অনুশীলন করবেন বলে জানান ইমরান।
ইংল্যান্ডের ঘরোয়া ফ্রেন্ডস লাইফ টি-টোয়েন্টি প্রতিযোগিতায় খেলে দেশে ফেরার পর জাতীয় দলের সঙ্গে অনুশীলন করেননি সাকিব ও তামিম।
সকিব ছিলেন বিশ্রামে। কুঁচকিতে চোট রয়েছে তামিমের। ফ্রেন্ডস লাইফ টি-টোয়েন্টিতে নটিংহ্যামশায়ারের হয়ে খেলার সময় এই চোট পান তিনি।
তবে ২৮ জুলাই নাগাদ তামিম পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রীড়া চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী। তিনি বলেন, আপাতত নেটে ব্যাট করতে পারবেন তামিম।
বাংলাদেশ দলের ২৮ জুলাই জিম্বাবুয়ে পৌঁছার কথা। সফরে একটি টেস্ট ছাড়াও পাঁচটি একদিনের ম্যাচ খেলবে বাংলাদেশ। এই টেস্টের মধ্য দিয়ে স্বেচ্ছা নির্বাসন থেকে ছয় বছর পর টেস্ট অঙ্গনে ফিরবে জিম্বাবুয়ে।
পেসার বের করে আনতে পরামর্শ
তৃণমূল পর্যায় থেকে পেস বোলার বের করে আনতে পেস-সহায়ক উইকেট তৈরি করার পরামর্শ দিয়েছেন সারোয়ার।
তিনি বলেন, পেস বোলারদের জন্য উইকেটই সবচেয়ে গুরুত্বপূর্ণ। 'বাউন্সি' উইকেট তৈরি করা হলে এমনিতেই পেস বোলার বেরিয়ে আসবে।
"ঘরোয়া ক্রিকেটে প্রিমিয়ার ডিভিশন ও প্রথম বিভাগের প্রতিটি দলে কয়জন পেসার খেলে? তাদের 'পারফরমেন্স' কেমন," প্রশ্ন রাখেন সারোয়ার। এরপর উত্তর দেন তিনি নিজেই, "সব দলের বোলিং আক্রমণের নেতৃত্ব দিচ্ছেন বাঁ-হাতি স্পিনাররা। বিষয়টি এমন হয়ে দাঁড়িয়েছে যে জিততে চাইলে দলে দুই-তিনজন ভালো বাঁ-হাতি স্পিনার রাখতে হবে।"
তবে পেস-সহায়ক উইকেটে খেলা হলে চিত্রটা পাল্টে যাবে বলে মনে করেন ইমরান। তিনি বলেন, সেক্ষেত্রে অনেক নতুন পেসার বেরিয়ে আসবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/২২২৭ ঘ.
bdnews24