২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'এর চেয়ে ভালো প্রস্তুতি হতে পারে না'

জিম্বাবুয়ে সফরের জন্য বাংলাদেশ যে প্রস্তুতি নিয়েছে তার চেয়ে ভালো কিছু হতে পারে না বলে মনে করছেন তামিম ইকবাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2011, 01:50 PM

Updated : 24 Aug 2022, 03:37 PM

ঢাকা, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জিম্বাবুয়ে সফরের জন্য বাংলাদেশ যে প্রস্তুতি নিয়েছে তার চেয়ে ভালো কিছু হতে পারে না বলে মনে করছেন তামিম ইকবাল। তিনি বলেন, "এর চেয়ে ভালো প্রস্তুতি হতে পারে না। এখন মাঠে কী করি, কীভাবে খেলি সেটাই দেখার ব্যাপার।" টেস্টে ভালো ফল আশা করছেন তামিম। তিনি বলেন, "টেস্টে ভালো ফল আশা করছি আমরা। দলের প্রত্যেকে ভালো কিছু করার জন্য ক্ষুধার্থ। শুধু টেস্ট নয় পুরো সফরেই ভালো ফল আশা করছি আমরা।" জিম্বাবুয়ে সফরের জন্য ঘোষিত দল নিয়ে সন্তুষ্ট তামিম। তিনি বলেন, "দল নিয়ে সন্তুষ্ট। দল তো প্রায় একই আছে। দু-তিনটা ছোটখাটো পরিবর্তন এসেছে। যারা বাদ পড়েছেন তারাও ভালো খেলোয়াড়। অনেক ভালো ইনিংস রয়েছে তাদের। তবে যারা এসেছেন তারাও ভালো করেই এসেছেন।" সহ-অধিনায়কের বাড়তি প্রশংসা পেয়েছেন নতুন মুখ নাসির হোসেন। তিনি বলেন, "নাসির ঘরোয়া ক্রিকেটে ব্যাট ও বল হাতে বেশ সফল। আন্তর্জাতিক ক্রিকেটে এই সাফল্যের পুনরাবৃত্তি করতে পারলে আমাদের জন্য দারুণ ব্যাপর হবে।" জিম্বাবুয়ে উইকেট স্পিন বা পেস সহায়ক যাই করুক না কেন বাংলাদেশ প্রস্তুত বলে মনে করছেন তামিম। তিনি বলেন, "আমাদের স্পিনারদের মোকাবেলা করার আগে পেসারদের সামলাতে হবে না? তারা ১৪০ কিলোমিটার বেগে বল করতে পারেন। জিম্বাবুয়ের এমন পেসার ক'জন আছেন। আর তাদের বিপক্ষে আমাদের স্পিনাররা প্রমাণিত।" প্রস্তুতি ম্যাচ না খেললেও তার বা সাকিবের টেস্টে মানিয়ে নিতে কোনো সমস্যা হবে না বলে মনে করছেন তামিম। তিনি বলেন, "প্রস্তুতি ম্যাচ খেলা নিশ্চয়ই গুরুত্বপূর্ণ। তবে আমরা খেলার মধ্যেই ছিলাম। বল ঠিক মতো মারতে পারলে টি-টোয়েন্টি বা টেস্ট কোথাও সমস্যা হবে না। তাছাড়া জিম্বাবুয়েতেও একটি প্রস্তুতি ম্যাচ রয়েছে।" নিজের চোট সম্পর্কে তামিম বলেন, "কাউন্টি খেলার সময়ই আহত হই। এখন অনেকটাই ভালো আছি। রোববার স্ক্যান করার কথা রয়েছে। আশা করছি দ্রুত সুস্থ হয়ে উঠবো। ফিজিও বিভব সিংও আশা করছেন সফর শুরুর আগেই সুস্থ হয়ে উঠবো।" প্রতিষ্ঠিত ক্রিকেট শক্তির সঙ্গে বাংলাদেশের ক্রিকেটকে তুলনায় নিতে রাজি নন তামিম। তিনি বলেন, "ওরা হয়তো ৪০-৫০ বছর ধরে ক্রিকেট খেলছে। সেখানে আমরা ১০ বছর ধরে শুরু করেছি। আমাদের অনেক পথ যেতে বাকি। তবে আমরা খারাপ করিনি। এখন হয়তো আমাদের বিশ্বমানের ৪/৫ জন ক্রিকেটার আছে সেটাকে ১০/১১ জনে নিয়ে যাওয়ার জন্য আমাদের এতো পরিশ্রম। তবে আমি মনে করি না এটা করতে খুব বেশি দিন লাগবে।" জিম্বাবুয়ে সফরের আগে জাতীয় দলের সঙ্গে সেভাবে থাকা হয়নি অধিনায়ক সাকিব আল হাসান ও সহ-অধিনায়ক তামিম ইকবালের। তবে এতে প্রস্তুতি বা বোঝাপড়ায় কোনো সমস্যা হবে না বলে মনে করছেন তামিম। তিনি বলেন, "ফিরে এসে ভালো লাগছে। দলের সবার সঙ্গেই আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, আশা করি মানিয়ে নিতে কোনো সমস্যা হবে না। তাছাড়া প্রতিদিন মাঠেই আসছি। মাঠে একটা সেশন কাটালেই সব ঠিক আগের মতো হয়ে যাবে। যেখানে রেখে গিয়েছিলাম, সব সেখানেই আছে।" কাউন্টি ক্রিকেটে সাকিব ও নিজের খেলা সম্পর্কে তামিম বলেন, "কাউন্টি ক্রিকেটে খেলা আমাদের জন্য একটা অর্জন। সাকিব যখন খেলতে গেল আমরা সবাই খুশি হয়েছিলাম। এবার আমি খেলে এলাম, সবাই খুশি হয়েছে। পরের বার হয়তো মুশফিক, রিয়াদভাই হয়তো যাবেন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৯২৭ ঘ.