ঢাকা, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বর্তমান অধিনায়ক মিসবাহ-উল-হকের জায়গা নিতে পারে এমন তরুণ অধিনায়ক খুঁজে বের করে তাকে তৈরি করার কথা আবারো বলেলেন পাকিস্তানের কোচ ওয়াকার ইউনুস।
মিসবাহ বয়স ৩৭। তাই পরবর্তী বিশ্বকাপ পর্যন্ত তিনি এভাবে খেলা চালিয়ে যেতে পারবেন কিনা তা নিয়ে অনেকের মত সংশয় প্রকাশ করেছেন ইউনুসও।
ইউনুস বলেন, "৩৬-৩৭ বছরের একজনকে নিশ্চয়ই তরুণ বলা যাবে না। তিনি (মিসবাহ) যথেষ্ট 'ফিট' আছেন। আর অধিনায়ক হিসেবে সামনে থেকেই তিনি দলকে নেতৃত্ব দিচ্ছেন। তারপরও বয়স একটা বিষয়। তাই আমাদের তরুণ অধিনায়ক তৈরি কাছে নেমে পড়া উচিৎ।"
অনেক নাটকের পর পাকিস্তানের টেস্ট দলের অধিনায়কের দায়িত্ব পান মিসবাহ। আর বিশ্বকাপের পর পাকিস্তান ওয়েস্ট ইন্ডিজ সফরে যায়। ওই সফরে পাকিস্তানের একদিনের দলের অধিনায়ক শহিদ আফ্রিদির সঙ্গে কোচ ওয়াকার ও বোর্ডের ঝামেলা হওয়ায় পরে মিসবাহর হাতেই পাকিস্তানের সবধরনের ক্রিকেটের দায়িত্ব তুলে দেয়া হয়।
মিসবাহর নেতৃত্বে অগাস্টে জিম্বাবুয়ে সফরে যাবে পাকিস্তান। সেখানে একটি টেস্ট, তিনটি একদিনের ও দুইটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে তারা।
ওই সফরে দল আফ্রিদির অভাব বোধ করবে বলেও জানান ওয়াকার। তিনি বলেন, "যারা ক্রিকেট ছেড়েছেন সবার অভাবই বোধ করেছে দল। যেমন ইমরান খান, ওয়াসিম আকরাম ও আমার অভাব বোধ হয়েছে। তেমনি ভাবে আফ্রিদির অভাবও বোধ করবে দল। কিন্তু নতুনরা এক সময় ঠিকই জায়গা নিয়ে নেয়।"
পাকিস্তানের ব্যাটিংয়ের অবস্থা বেশ নাজুক। বিশেষ করে উদ্বোধনী জুটি নিয়ে বেশ কিছুদিন ধরেই সমস্যায় আছে দলটি। এই সমস্যা সমাধানে দেশের সাবেক ক্রিকেট তারকাদের এগিয়ে আসার অহ্বান করেছেন ওয়াকার।
তিনি বলেন, "সাহায্য পেলে খুবই ভালো হয়। কারণ আমরা পাকিস্তান ক্রিকেটকে সামনে এগিয়ে নিতে চাই। উদ্বোধনী জুটি আমাদের পুরনো সমস্যা। আমরা তা কাটিয়ে উঠতে চেষ্টা করছি। আমি সাবেক উদ্বোধনী ব্যাটসম্যান মহসিন খান, সাঈদ আনোয়ার, আমির সোহেল ও মুদাসসর নজরের মত খেলোয়াড়দের এই সমস্যা সমাধানে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএনএম/১৯৩৬ ঘ.
bdnews24