২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'আচরণ বিধি ভঙ্গ করেছেন কী না দেখা হচ্ছে'

সাকিব আল হাসান আচরণ বিধি ভঙ্গ করেছেন কী না তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন বিসিবির মিডিয়া ও কমিউনিকেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2011, 04:27 PM

Updated : 24 Aug 2022, 03:36 PM

ঢাকা, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাকিব আল হাসান আচরণ বিধি ভঙ্গ করেছেন কী না তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন বিসিবির মিডিয়া ও কমিউনিকেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। এছাড়া দল নির্বাচন নিয়ে অধিনায়ক সাকিব আল হাসান ও প্রধান নির্বাচক আকরাম খানের পরস্পর বিরোধী বক্তব্যের ব্যাপারটি ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান এনায়েত হোসেন সিরাজ ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মনজুর আহমেদ দেখছেন বলে জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার জালাল ইউনুস বলেন, "ব্যাপারটি ক্রিকেট অপারেশন্সের। দল নিয়ে কোনো বক্তব্য থাকলে অধিনায়ক তা ক্রিকেট অপারেশন্স বা সিইও'র সঙ্গে বলতে পারতেন। তবে সবচেয়ে ভালো হতো নিজেদের মধ্যে কথা বলে নিলে। এভাবে বলা অধিনায়কের ঠিক হয়নি। বোর্ড ব্যাপারটি খতিয়ে দেখছে।" জালাল বলেন, "দল ও নির্বাচক দুটোই দেখার দায়িত্ব ক্রিকেট অপারশেন্সের। তারা দেখছেন। আমি মনে করি না তেমন কিছু ঘটেছে। মিডিয়ায় চলে আসায় ব্যাপারটি বড় হয়েছে।" তিনি বলেন, "ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান এনায়েত হোসেন সিরাজ ও সিইও মনজুর আহমেদ পুরো ব্যাপারটি দেখছেন। আচরণ বিধি ভঙ্গ করেছেন কী না সেটাও দেখবেন তারা।" ইংল্যান্ড থেকে ফিরে জাতীয় দলের সঙ্গে যোগ দেননি সাকিব। ছুটিতে রয়েছেন এখন। আকরাম খানের সঙ্গে বিবাদের কারণেই তিনি ছুটি নিয়েছেন বলে মনে করেন না জালাল। তিনি বলেন, "সাকিবের ছুটি নেয়ার সঙ্গে এই বিবাদের কোনো সম্পর্ক নেই। তিনি বাণিজ্যিক বিজ্ঞাপন তৈরির কাজে ব্যস্ত থাকায় আসেননি। তবে নতুন কোচরা কাজ শুরু করার সময় অবশ্যই অধিনায়ক ও সহ-অধিনায়ক তামিম ইকবালের থাকা উচিত ছিল।" স্টুয়ার্ট ল ও জেসন সুইফট এরই মধ্যে জাতীয় দলের সঙ্গে কাজ শুরু করেছেন। তাদের প্রথম সেশনে অনুপস্থিত ছিলেন সাকিব ও তামিম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিএ/২২৫৮ ঘ.