২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিকার নয় প্রতিরোধ গড়বো: বিভব

প্রতিকার নয় প্রতিরোধই নিজের দর্শন বলে জানিয়েছেন জাতীয় দলের নতুন ফিজিও বিভব সিং।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2011, 03:39 PM

Updated : 24 Aug 2022, 03:36 PM

ঢাকা, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রতিকার নয় প্রতিরোধই নিজের দর্শন বলে জানিয়েছেন জাতীয় দলের নতুন ফিজিও বিভব সিং। শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার বিভব বলেন, "ক্রিকেটারদের খেলার জন্য সম্পূর্ণ সুস্থ রাখাই আমার লক্ষ্য । আহত হয়ে যাওয়ার পর তাদের সুস্থ করা নয় বরং আমার লক্ষ্য থাকবে তারা যেন আহত না হন সে চেষ্টা করা।" বিভব আরও বলেন, "প্রথম দিনে খেলোয়াড়দের সঙ্গে সবে পরিচয় পর্ব সেরেছি। এখনো কারো সঙ্গে সেভাবে কথা হয়নি।" এর আগে দক্ষিণ আফ্রিকা 'এ' দলের হয়ে বাংলাদেশ সফরে আসেন বিভব সিং। বিসিবির সঙ্গে সেই সূত্রেই পরিচয়। সে প্রসঙ্গ টেনে বিভব বলেন, "দক্ষিণ আফ্রিকা 'এ' দলের হয়ে এর আগেও বাংলাদেশ এসেছিলাম। এবার এসেও ভালো লাগছে। প্রথম দিনের কাজ ভালো হয়েছে।" বাংলাদেশের আবহাওয়ার সঙ্গে বেশ ভালোই মানিয়ে নিয়েছেন বিভব। তিনি বলেন, "এখানে এসে মানিয়ে নিতে কোনো সমস্যা হচ্ছে না। ডারবানেও এ ধরনের আবহাওয়া দেখেছি। আশা করছি কোনো সমস্যা হবে না।" মাত্র এলেও বাংলাদেশে ক্রিকেটের বুঝে গেছেন বিভব। তিনি বলেন, "এদেশে ক্রিকেটকে বেশ গুরুত্ব দেয়া হয়। জাতীয় দলের সঙ্গে যুক্ত হতে পেরে ভালো লাগছে।" খেলোয়াড়দের সঙ্গে পরিচয় হয়েছে। তবে এখনো কারো ব্যাপারে তেমনভাবে খোঁজ খবর নেয়া হয়নি বলে জানান বিভব। তিনি বলেন, "মাত্রই পরিচয় হল। এখনো কারো ফিজিক্যাল কন্ডিশনের ব্যাপারে জানা হয়নি। কাজ শুরুর আগে তারা কোন পর্যায়ে আছেন বুঝে নিতে চাই।" বাংলাদেশের পেসাররা নিয়মিত চোটে ভোগের ব্যাপারটা জানা আছে কী না বা তাদের জন্য বিশেষ কোনো ব্যবস্থা নেবেন কী না সে প্রশ্নের জবাবে নতুন ফিজিও বলেন, "এখনো তেমন কিছু জানি না। তবে ক্রিকেটাররা যদি নিয়মিত চোটে ভোগেন তা হলে অবশ্যই তার কারণ বের করতে হবে। ব্যাপারটি খতিয়ে দেখবো।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিএ/২১৩৯ ঘ.