২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রবিউলের কপালে চার সেলাই

ফুটবল খেলতে গিয়ে রুবেল হোসেনের মাথা লেগে কপাল কেটে যাওয়ায় রবিউল হোসেনের কপালে চার সেলাই লেগেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2011, 02:09 PM

Updated : 24 Aug 2022, 03:36 PM

ঢাকা, জুুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফুটবল খেলতে গিয়ে রুবেল হোসেনের মাথা লেগে কপাল কেটে যাওয়ায় রবিউল হোসেনের কপালে চার সেলাই লেগেছে। শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের চিকিৎসা কক্ষে রবিউলকে চিকিৎসা করেন বিসিবির ক্রীড়া চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী। সে সময় ওই কক্ষে উপস্থিত ছিলেন রুবেল হোসেন। কক্ষ থেকে বেরিয়ে রুবেল বলেন, "ফুটবল খেলতে গিয়ে লেগে গেছে। হেড করতে গিয়েছিলাম, বলে লাগেনি। লেগেছে রবিউলের কপালে। চারটা সেলাই লেগেছে।" এর আগে শাহাদাত হোসেন রাজীব কক্সবাজারে কন্ডিশন ক্যাম্প চলাকালে ফুটবল খেলতে গিয়ে আহত হন। তবে চিন্তার কিছু নেই বলে জানিয়েছেন ডা. দেবাশীষ। তিনি বলেন, "রবিউলের তেমন গুরুতর কিছু হয়নি। সুস্থ হয়ে উঠতে বেশি সময় লাগবে না। দুই দিন বিশ্রামে থাকলে সুস্থ হয়ে উঠবেন বলে আশা করছি।" রবিউল দ্রুত সেরে উঠবেন বলে আশা করছেন কোচ সারোয়ার ইমরানও। তিনি বলেন, "পেসারদের চোট থাকেই। চোট নিয়েও বল করতে হয়। আশা করি দ্রুত সুস্থ হয়ে উঠবে। জিম্বাবুয়েতে বল করতে কোনো সমস্যা হবে বলে মনে হয় না।" প্রায় একই বক্তব্য প্রধান নির্বাচক আকরাম খানেরও। তিনি বলেন, "কি আর করা। সেলাই নিয়েই বল করতে হবে।" এ কথা বলেই বেশ 'সিরিয়াস' হয়ে আকরাম রবিউলের চিকিৎসার খবর নেন। পরে জানান, "খেলতে কোনো সমস্যা হওয়ার কথা নয়।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিএ/২০০৫ ঘ.