২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রস্তুতি ম্যাচ দেখে কৌশল বেছে নেবেন কোচ: ইমরুল

প্রধান কোচ স্টুয়ার্ট ল প্রস্তুতি ম্যাচ দেখে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের কৌশল নির্ধারণ করবেন বলে মনে করছেন বাংলাদেশ দলের উদ্বোধনী ব্যাটসম্যান ইমরুল কায়েস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2011, 01:17 PM

Updated : 24 Aug 2022, 03:36 PM

ঢাকা, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রধান কোচ স্টুয়ার্ট ল প্রস্তুতি ম্যাচ দেখে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের কৌশল নির্ধারণ করবেন বলে মনে করছেন বাংলাদেশ দলের উদ্বোধনী ব্যাটসম্যান ইমরুল কায়েস। স্টুয়ার্ট ল'র সঙ্গে প্রথম দিনের প্রথম সেশন পার করার পর ইমরুল কায়েস সাংবাদিকদের এ কথা বলেন। এ সময় শাহরিয়ার নাফিস তার সঙ্গে ছিলেন। ইমরুল বলেন, "এখন আমাদের নজর টেস্টের দিকে। সফরের শুরুতে প্রস্তুতি ম্যাচ রয়েছে। কোচ দেখবেন আমরা কেমন খেলি। তারপর জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ নিয়ে আমাদের কৌশল ঠিক করবেন তিনি।" "আজ তিনি 'বেসিক' নিয়ে কাজ করেছেন। খুব বেশি পরিবর্তন করতে হবে না বলেও জানিয়েছেন," যোগ করেন ইমরুল। শাহরিয়ার নাফিস অবশ্য গতানুগতিক ধারায় ভাবছেন না। একদিন কোচের অধীনে কাজ করেই ল'কে নিয়ে মন্তব্য করতে চাইলেন না বাঁহাতি ব্যাটসম্যান। তবে ল'র অভিজ্ঞতার প্রতি যথেষ্ট সম্মান ঝরলো তার কন্ঠে, "প্রথম দিনেই বলা সম্ভব নয় ল কেমন কোচ। তবে তার প্রচুর অভিজ্ঞতা রয়েছে। সেগুলো আমাদের কাজে লাগবে।" শ্রীলঙ্কার সাবেক অন্তর্বর্তীকালীন কোচ ল বাংলাদেশের মাটিতে পা রেখেই বলেছিলেন, র‌্যাঙ্কিংয়ে এ দেশকে দুই থেকে চার ধাপ উপরে তোলার ইচ্ছে আছে তার। সে কথার প্রসঙ্গ ধরে নাফিস বলেন, "র‌্যাঙ্কিয়ে যে উন্নতির কথা তিনি বলেছেন সেটা খুবই সম্ভব।" ল'র কাজের ধারা দেখে নাফিসের মন্তব্য, "আমরা তরুণ একটি দল। উনি টেকনিক, ট্যাকটিস নিয়ে কাজ করবেন। প্রত্যেকের ব্যক্তিগত উন্নতির ব্যাপারটি যেমন দেখবেন তেমনি দলীয় উন্নতির ব্যাপারও নজরে রাখবেন তিনি।" কোচের তত্ত্বাবধানে থাকলেও মূল কাজটা খেলোয়াড়দেরই, স্মরণ করিয়ে দেন নাফিস। তিনি বলেন, "কোচ যা শেখাবেন তা গ্রহণ করা বা না করা খেলোয়াড়ের ব্যাপার। নিজেদের ভালো নিজেদের বুঝতে হবে। মাঠের কাজটা কিন্তু খেলোয়াড়েরই করতে হবে, পারফর্ম করতে হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিএ/১৯০০ ঘ.