ঢাকা, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত খেলায় সময়সীমা বেঁধে নাও দেয়া হতে পারে বলে জানিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রধান নির্বাহী হারুন লরগাত।
খেলা হওয়ার কথা ২০১৩ সালে ইংল্যান্ডে।
লর্ডসে এক সংবাদ সম্মেলনে লরগাত বলেন, টেস্ট চ্যাম্পিয়নশিপের মতো মর্যাদাবান কোনো প্রতিযোগিতায় সুস্পষ্ট বিজয়ী থাকা দরকার। সে জন্যই খেলায় সময়সীমা বেঁধে দেয়া হবে না। একটি দল বিজয়ী না হওয়া পর্যন্ত খেলা চলতেই থাকবে উল্লেখ করে তিনি বলেন, তবে এ ব্যাপারে এখনো সিদ্ধান্ত নেয়া হয়নি। চিন্তাভাবনা করা হচ্ছে বিষয়টি নিয়ে।
আইসিসির ভবিষ্যৎ সফর কর্মসূচি (এফটিপি) অনুযায়ী, টেস্ট লিগ চলবে চার বছর ধরে। শীর্ষ চার দল ২০১৩ সালে সেমিফাইনাল ও ফাইনাল খেলবে।
বর্তমানে টেস্ট খেলা হয়ে থাকে পাঁচদিন ধরে। দিনে খেলা হয় ছয় ঘণ্টা। খারাপ আবহাওয়া কিংবা প্রতিপক্ষ দলকে দু'বার অল-আউট করতে না পারলে খেলা শেষ হয় অমীমাংসিতভাবে।
এই সমস্যার একটি সমাধান বের করার জন্য আইসিসির মহাব্যবস্থাপক দক্ষিণ আফ্রিকার সাবেক উইকেটরক্ষক ডেভ রিচার্ডসন ও তার কমিটি কাজ করে যাচ্ছেন বলে জানান লরগাত। তবে তিনি চ্যাম্পিয়ন হিসেবে একটি দলকেই দেখতে চান।
খেলা ড্র হলে খেলায় বিজয়ী নির্ধারণ প্রসঙ্গে লরগাত বলেন, "প্রথম পালা কিংবা পুরো খেলায় কোন দল বেশি রান করেছে, তার ভিত্তিতে বিজয়ী নির্ধারণ করা হতে পারে। তবে চূড়ান্ত খেলায় কোনো সময়সীমা থাকবে না।
আসলে আমরা এখনো ঠিক জানি না-বিজয়ী ঠিক করার জন্য কি ব্যবস্থা নেয়া হতে পারে। তবে বিজয়ী নির্ধারণের বিভিন্ন প্রক্রিয়া খতিয়ে দেখা হচ্ছে।"
ইদানিং খেলাগুলোর পরিসংখ্যান যাচাই করে জানা যায়, বেশিরভাগ খেলায় ফলাফল আসছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৮৫৮ ঘ.
bdnews24