২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাশরাফি ও শাহদাতের অভাব বোধ করছেন আকরাম

মাশরাফি বিন মর্তুজা ও শাহদাত হোসেনের অনুপস্থিতিতে পেস আক্রমণ কিছুটা দুর্বল হয়ে পড়েছে বলে স্বীকার করছেন প্রধান নির্বাচক আকরাম খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2011, 05:20 PM

Updated : 24 Aug 2022, 03:34 PM

ঢাকা, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মাশরাফি বিন মর্তুজা ও শাহদাত হোসেনের অনুপস্থিতিতে পেস আক্রমণ কিছুটা দুর্বল হয়ে পড়েছে বলে স্বীকার করছেন প্রধান নির্বাচক আকরাম খান। একই সঙ্গে তিনি বলেন, যারা আছেন তারাও ভালো করছেন। এ প্রসঙ্গে তিনি শফিউল ইসলাম, রুবেল হোসেন ও রবিউল ইসলামের নাম উল্লেখ করেন। নাজমুল হোসেনের কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, একদিনের ক্রিকেটে তিনি খুবই কার্যকর। আহত থাকায় মাশরাফিকে দলে নেয়া হয়নি। গত বছর ২১ নভেম্বর প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের একটি খেলার সময় হাঁটুতে চোট পান তিনি। বিশ্বকাপ দলে না থাকলেও প্রতিযোগিতার পর অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলেন একদিনের সিরিজ। পরে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞ চিকিৎসক ডেভিড ইয়াং তার হাঁটুতে অস্ত্রোপচার করেন। খেলার মতো সুস্থ হয়ে উঠতে তার অক্টোবর-নভেম্বর পর্যন্ত লেগে যাবে। আর শাহদাত হোসেন আহত হন 'কন্ডিশনিং' ক্যাম্পে প্রশিক্ষণ নেয়ার সময়। শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আকরাম সাংবাদিকদের বলেন, দল নির্বাচনের সময় আমাদের হাতে যেসব খেলোয়াড় আছেন, তাদের কথাই আমাদের ভাবতে হয়। মাশরাফি ও শাহদাত থাকলে পেস আক্রমণ খুবই শক্তিশালী হতো। স্পিন আক্রমণ নিয়ে সন্তুষ্ট আকরাম বলেন, "আমাদের স্পিন আক্রমণ খুবই শক্তিশালী। এ ব্যাপারে কোনো সমস্যা নেই।" অধিনায়ক সাকিব আল হাসান ছাড়া বাংলাদেশ দলে ভালো কোনো টেস্ট স্পিনার নেই-একথা মানতে রাজি নন সাবেক অধিনায়ক আকরাম। তিনি বলেন, "আব্দুর রাজ্জাক ভালো বোলার। একদিনের ক্রিকেটে ভালো বল করছেন। 'পাওয়ার প্লে'র সময়ও তিনি ভালো বল করেন।" সুযোগ পেলে টেস্টেও তিনি ভালো করবেন বলে জানান। ক্রিকেটারদের জন্য ক্লাব ক্রিকেটকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সাবেক অধিনায়ক। তিনি বলেন, "খেলোয়াড়দের জন্য ক্লাব ক্রিকেট নিজেকে মেলে ধরার ভালো জায়গা। তারা ভালো করলে নির্বাচকদের কাজ সহজ হয়ে যায়।" 'ব্যাক-আপ' ক্রিকেটারদের প্রসঙ্গে তিনি বলেন, "আমরা তাদের নিয়ে কাজ শুরু করেছি। আমরা এর ব্যাপ্তি আরো বাড়ানোর কথা ভাবছি। এরই মধ্যে জাতীয় দলের ছয় বোলার জিওফ লওসনের সঙ্গে কাজ শুরু করেছেন। আমরা এক দেড় বছরের মধ্যে এর সুফল পাবো।" 'দল ফাঁস করিনি' প্রচার মাধ্যমে নির্বাচকদের কেউ জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ দল ফাঁস করেননি বলে জোর দিয়ে জানান প্রধান নির্বাচক আকরাম খান। তিনি বলেন, "আমরা কেউ করিনি। কারণ আমাদের উপরই যে এর দায় এসে পড়বে তা আমরা জানি।" এক প্রশ্নের জবাবে আকরাম বলেন, "পরিচালকরা দল ফাঁস করেছেন, এমন কথা বলিনি। অন্য কেউ দল ফাঁস করেছে। যারাই করুক তারা ভালো করেনি।" দলে যারা এসেছেন নিজেদের প্রমাণ করেই এসেছেন বলে জানিয়েছেন নির্বাচক হাবিবুল বাসর সুমন। সাবেক অধিনায়ক বলেন, "অবশ্যই এটা আমাদের দল।" তিনি বলেন, "দলে যারা এসেছেন তাদের উপর আমাদের আস্থা আছে। আশা করছি তারা ভালো করবে।" দল দেখে সন্তুষ্ট অন্তবর্তীকালীন কোচ সারোয়ার ইমরান। তিনি বলেন, "এটাই সম্ভাব্য সেরা দল।" এই দল জিম্বাবুয়েতে ভালো কিছু করবে বলে মনে করছেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/২৩১০ ঘ.