ঢাকা, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বোলিং অ্যাকশনে ছোট ছোট পরিবর্তনের প্রভাব বিশাল বলে মনে করছেন ফাস্ট বোলার ডলার মাহমুদ।
জাতীয় দলে বিভিন্ন সময়ে খেলেছেন এমন ছয় জনসহ আটজন বোলার একাডেমি দলের বিশেষজ্ঞ কোচ জিওফ লওসনের সঙ্গে কাজ করছেন। তাদের মধ্যে ডলার মাহমুদ অন্যতম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ডলার বলেন, "লওসন ছোট ছোট কিছু পরিবর্তন করছেন, কিন্তু তার প্রভাব অনেক বেশি। আগে আমি কাঁধ 'ওপেন' রেখে বল করতাম। তিনি এখানে ছোট একটা পরিবর্তন আনতে বলেছেন। এতে ফলও পাচ্ছি।"
ডলার বলেন, "ঘরে বসেছিলাম, তার চেয়ে এটা অনেক ভালো। বড় মাপের একজন কোচের সঙ্গে কাজ করছি।"
লওসন আপাতত সুইংয়ের উপর জোর দিচ্ছেন বলে জানান ডলার, "লওসন আমাদের সঙ্গে মূলত সুইং নিয়ে কাজ করছেন। ১৫০ কিলোমিটার বেগে সোজা বল করলেও লাভ নেই, সুইং প্রয়োজন। সুইং থাকলে ধীর গতির বলও বেশ কার্যকর হয়। সুইং বল খেলতে ব্যাটসম্যানদের বেশ সমস্যা হয়। আপাতত তিনি এর উপরই জোর দিচ্ছেন।"
লওসনের সঙ্গে কাজের ফলে আত্মবিশ্বাসও উর্দ্ধমুখী বলে মনে করছেন ডলার, "আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে হলে আত্মবিশ্বাস সব সময়ই প্রয়োজন। আত্মবিশ্বাস ছাড়া এই পর্যায়ে খেলা যায় না। ছোট-খাটো ভুল ধরিয়ে সেগুলো সংশোধনের পথ দেখিয়ে দেয়ায় আত্মবিশ্বাস বাড়ছে।"
"লওসন একজন অভিজ্ঞ কোচ। তিনি জানেন ম্যাচের কোন পরিস্থিতিতে কোন ধরনের বল করতে হয়। বিশেষ করে ম্যাচের বিভিন্ন সময়ে গতির বৈচিত্র আনার ব্যাপারে কাজ করছেন তিনি," যোগ করেন ডলার।
জাতীয় দলে নেই এমন বোলারদের নিয়ে নিয়মিত ক্যাম্প করা উচিত বলে জানিয়েছেন ডলার, "এ ধরনের ক্যাম্প নিয়মিত করা হলে বোলাররা উপকৃত হবে। তবে শুধু জাতীয় দল থেকে বাদ পড়া বোলারদের নিয়েই নয় বরং সবস্তরেই বোলারদের অনুশীলনের ব্যবস্থা থাকা উচিত। ব্যাটসম্যানদের জন্য জাতীয় দলে এবং অন্যান্য পর্যায়ে সব সময় ব্যাটিং কোচ থাকে তবে বোলারদের জন্য থাকে না। বোলারদের জন্য বিশেষজ্ঞ কোচ থাকা প্রয়োজন।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিএ/২০১৬ ঘ.
bdnews24