২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'আরো প্রস্তুতি ম্যাচ খেলতে হবে'

জিম্বাবুয়ে সফরের আগে আরো প্রস্তুতি ম্যাচ খেলা প্রয়োজন বলে মনে করছেন বাংলাদেশের অর্ন্তবর্তীকালীন কোচ সারোয়ার ইমরান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2011, 01:11 PM

Updated : 24 Aug 2022, 03:31 PM

ঢাকা, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জিম্বাবুয়ে সফরের আগে আরো প্রস্তুতি ম্যাচ খেলা প্রয়োজন বলে মনে করছেন বাংলাদেশের অর্ন্তবর্তীকালীন কোচ সারোয়ার ইমরান। জাতীয় ক্রিকেট একাডেমি মাঠে প্রথম প্রস্তুতি ম্যাচ দেখে সন্তুষ্ট ইমরান বলেন, "প্রথম দিন ব্যাটিং ভালো হয়েছে। আজ বোলিং ভালো হল।" জিম্বাবুয়ে বধের পরিকল্পনা করার আগে বাংলাদেশ দলের সবলতা-দুর্বলতা দেখে নিতে চেয়েছিলেন ইমরান। প্রথম প্রস্তুতি ম্যাচ থেকে সেই ধারণা অনেকটাই পেয়েছেন বলে জানালেন তিনি। ইমরান বলেন, "প্রস্তুতি ম্যাচ থেকে অনেক ব্যাপার স্পষ্ট হয়েছে। এগুলো নিয়ে কাজ করতে হবে।" তবে ম্যাচ চলাকালীন সময়েই কাজ শুরু করেন তিনি। প্রথম দিনের চেয়ে দ্বিতীয় দিনের পিচকে একটু ভিন্ন বলেছেন তিনি। তিনি বলেন, "আজকের পিচ একটু ভিন্ন। বৃষ্টির মধ্যেই এখানে অনুশীলন হয়েছে। সেভাবে পিচ প্রস্তুত করা হয়নি।" প্রস্তুতি ম্যাচ থেকে শুধু ব্যাটসম্যানদেরই লাভ হচ্ছে না বোলাররার উপকৃত হচ্ছে বলে তিনি মনে করেন। ইমরান বলেন, "নেটে বোলাররা অনেক নো বল করেন। প্রস্তুতি ম্যাচ খেললে নো বল, ফিল্ডিংয়ের এমনিতেই উন্নতি হয়। এ সব নিয়ে কোচের ভাবনা অনেক কমে যায়।" অনুশীলন ও প্রস্তুতি ম্যাচে দলের খেলোয়াড়রা শতভাগ উজাড় করে খেলছেন বলে মন্তব্য করেছেন ইমরান। তিনি বলেন, "প্রত্যেকেই নিজের সেরাটা দেয়ার চেষ্টা করছে।" একদিকে বৃষ্টির ধাক্কা অন্যদিকে প্রচণ্ড গরম, সেই সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলার প্রয়োজনীয়তা। সব মিলেয়ে বেশ ভাবনায় ইমরান। সমাধান হিসেবে আরো তিনটি দুদিনের ম্যাচ খেলোনোর কথা ভাবছেন তিনি। তিনি বলেন, "চার দিনের ম্যাচ নয় প্রচণ্ড গরমের কারণে তিনটি দুই দিনের ম্যাচ খেলার কথা ভাবছি। এখনো চূড়ান্ত হয়নি, তবে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওই ম্যাচগুলো হতে পারে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৯০৮ ঘ.