ঢাকা, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ডমিনিকা টেস্টের চতুর্থ দিন শেষে দ্বিতীয় পালায় ৬ উইকেটে ২২৪ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ। ভারতের চেয়ে ৮১ রানে এগিয়ে আছে তারা।
এক প্রান্তে শিবনারায়ন চন্দরপল ৭৩ রান নিয়ে ব্যাট করছেন। অন্য প্রান্তে ১ রানে অপরাজিত আছেন অধিনায়ক ড্যারেন সামি।
এর আগে ৩৪৭ রানে গুটিয়ে যায় ভারতের প্রথম পালা। ওয়েস্ট ইন্ডিজ প্রথম পালায় করে ২০৪ রান।
বৃষ্টির কারণে প্রথম দুই দিনে মাত্র ৮০ ওভার ৩ বল খেলা হলেও তৃতীয় দিন খেলা হয় ৯৪ ওভার। চতুর্থ দিন ভেজা মাঠের কারণে খেলা কিছুটা দেরিতে শুরু হলেও পরে আর কোনো সমস্যা হয়নি। এদিন ৯৩ ওভার খেলা হয়।
১৪৩ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় পালায় ব্যাট করতে নেমে শুরুটা একদমই ভালো হয়নি ওয়েস্ট ইন্ডিজের। ১০ রানের মধ্যেই দুই উদ্বোধনী ব্যাটসম্যান আদ্রিয়ান বারাথ (৬) ও কিয়েরন পাওয়েলকে (৪) হারিয়ে বিপদে পড়ে যায় স্বাগতিকরা।
এই অবস্থায় কির্ক এডোয়ার্ডস হাল ধরে খেলতে থাকেন। দলীয় ৪০ রানে ড্যারেন ব্রাভোও (১৪) বিদায় নেন।
এডোয়ার্ডসের সঙ্গী হিসেবে মাঠে নামেন শিবনারায়ন চন্দরপল। ভারতের বোলারদের হতাশ করে দুজনে দলকে ভালো অবস্থায় নিয়ে যেতে থাকেন।
অভিষেক টেস্টেই শতকের দেখাও পেয়ে যান এডোয়ার্ডস। শেষ পর্যন্ত দলকে ৫৮ রানের 'লিড' এনে দিয়ে থামতে বাধ্য হন তিনি। হরভজন সিংয়ের বলে উইকেটের পেছনে মহেন্দ্র সিং ধোনির হাতে ধরা পড়ার আগে ১৯৫ বলে ১১০ রান করেন এডোয়ার্ডস। তিনি ইনিংসটি সাজান ৯টি চার ও ১টি ছক্কা দিয়ে। দলীয় রান তখন ২০১।
শেষ বিকেলে মার্লোন স্যামুয়েল্স (০) ও কার্লটন বগের (১০) উইকেট দুটি দ্রুত তুলে নেয় ভারত। তবে অপরাজিত থেকেই দিন শেষ করেন চন্দরপল।
ভারতের পক্ষে ৬১ রান দিয়ে ৩ উইকেট নেন হরভজন সিং। এছাড়া ২৯ রানের বিনিময়ে ২ উইকেট দখল করেন প্রবিন কুমার।
এর আগে ৬ উইকেটে ৩০৮ রান নিয়ে শনিবার চতুর্থ দিনের খেলা শুরু করে ভারত। এদিন দুই বল মোকাবেলা করেই সাজঘরের পথ ধরেন আগের দিনের অপরাজিত ব্যাটম্যান হরভজন সিং। আগের দিনের ১২ রানের সঙ্গে আর কোনো রান যোগ করতে পারেননি তিনি।
অন্য অপরাজিত ব্যাটসম্যান মহেন্দ্র সিং ধোনিও নিজের ইনিংসকে বেশি দূর টেনে নিতে পারেননি। আগের দিনের ৬৫ রানের সঙ্গে আর ৯ রান যোগ করে ফিডেল এডোয়ার্ডসের বলে দেবেন্দ্র বিশুর হতে ধরা পড়েন তিনি।
১৩৩ বলে খেলা ৭৪ রানের ইনিংসে তিনি দড়ির ওপারে বল পাঠান চারবার।
প্রবিন কুমার ২৩ রান করেন।
ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ফিডেল এডোয়ার্ডস ১০৩ রান দিয়ে নেন ৫ উইকেট। এছাড়া ২টি করে উইকেট নেন ড্যারেন সামি ও দেবেন্দ্র বিশু। এজন্য সামি দেন ৫১ রান। বিশু ১২৫।
তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি জেতে ভারত। দ্বিতীয় টেস্ট অমীমাংসিতভাবে শেষ হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১২১৭ ঘ.
bdnews24